সংবাদ কণিকা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
পুরুষের উচ্চতা বেড়েছে ১৮৭০ সাল থেকে পরবর্তী একশ’ বছরে ইউরোপীয় পুরুষের গড় উচ্চতা প্রায় ১১ সেন্টিমিটার বেড়েছে। এটি এ অঞ্চলের স্বাস্থ্যগত উন্নতির প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন অক্সফোর্ড ইকোনোমিক পেপার্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় ইউরোপের ১৫টি দেশের কয়েক লাখ পুরুষের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে উচ্চতা বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করা গেছে। গবেষণায় সাধারণ ধারণার বিপরীত পরিসংখ্যানও মিলেছে। দেখা গেছে, যুদ্ধ ও অর্থনৈতিক মন্দাবস্থার সময়ই পুরুষের উচ্চতা সবচেয়ে বেশি বেড়েছে। এটি প্রচলিত ধারণার বিপরীত চিত্র। —বিবিসি দ্রুত ঘূর্ণায়মান বস্তু সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন বস্তু বানিয়েছেন ইউনিভার্সিটি অফ সেইন্ট অ্যান্ড্রুস ইন স্কটল্যান্ডের বিজ্ঞানীরা। ক্যালসিয়াম দিয়ে বানানো গোলকটি আকারে এতই ছোট যে, এটি দেখতে হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। গোলকটির ঘূর্ণনের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ৬০ কোটি বার, যা কিনা প্রচলিত ওয়াশিং মেশিনের তুলনায় পাঁচ লাখ গুণ বেশি। ক্যালসিয়াম গোলকটির ব্যাস মাত্র ৪০ মাইক্রোমিটার, যা মাথার চুলের ১০ ভাগের এক ভাগ। আলোর তরঙ্গ ব্যবহার করে গোলকটিকে বায়ুশূন্য অবস্থায় শূন্যে ভাসান বিজ্ঞানীরা। এরপর আলোর তরঙ্গে কমিয়ে বাড়িয়ে গোলকটিকে ঘোরাতে সমর্থ হন বিজ্ঞানীরা। —রয়টার্স