ভারতে ২ বছর কারাভোগের পর সোমবার রাতে বাংলাদেশি ৪২ জন যুবতীসহ ২ জন শিশু ও ১ জন পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গত ৩ বছর আগে ভালো চাকরির আশায় ভারতের বোম্বে শহরে গিয়ে বাসা-বাড়িতে কাজ করে আসছিল এসব যুবতীরা।
বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, গত ৩ বছর আগে দালালদের খপ্পরে পড়ে ভালো চাকরির আশায় দরিদ্র পরিবারের এসব যুবতীরা কাজের সন্ধানে ভারতের বোম্বের বিভিন্ন বাসা-বাড়িতে কাজ নেয়। ২০১০ সালে ভারতীয় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জেলখানায় প্রেরণ করে। সেখানে ২ বছর কারাভোগের পর “রেসকিউ ফাউন্ডেশন ”নামে একটি ভারতীয় এনজিও সংস্থা জেলখানা থেকে তাদের উদ্ধার করে ফাউন্ডেশনের নিজস্ব সেল্টার হোমে আশ্রয় দেয়।
পরে মানবাধিকার সংগঠন রাইটস যশোর ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির পর তাদেরকে দেশে ফিরিয়ে আনার অনুমতি পায়। ভারতীয় পুলিশ সোমবার বেনাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ভারত থেকে ফেরত আসা যুবতীদের তাদের আত্মীয়দের কাছে ফেরত দিতে যশোরে নিয়ে যাওয়া হচ্ছে।
