অক্টোবরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে বড় দৈর্ঘ্যের ম্যাচে নিজেদের মানিয়ে নিতে গতকাল থেকে খুলনায় তিনদিনের ম্যাচ খেলা শুরু করেছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের দল।
কিন্তু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি সবুজ ও বিসিবি লাল দলের এই অনুশীলন ম্যাচে শুরু থেকেই ছোবল হানতে শুরু করেছে বৃষ্টি। এই বৃষ্টি অতিক্রম করেই দিনটাকে নিজেদের করে নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও জাতীয় দলের সিনিয়র স্পিনার আব্দুর রাজ্জাক।
মুশফিকের অপরাজিত ৬২ রানে ভর করে প্রথমদিনের খেলা শেষ পর্যন্ত সবুজ দল ৬১ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৪৯ রান। দলের নাফিস ইকবাল ২৩ ও জহুরুল ১৯ রান করেছেন। এর মধ্যেই ‘লোকাল হিরো’ রাজ্জাক লাল দলের হয়ে তুলে নিয়েছেন ৩৬ রানে ৪ উইকেট।
উপকূলীয় শহর খুলনায় বৃষ্টি চলছে গত ক’দিন ধরেই। গতকাল মঙ্গলবার সকালে টসে জিতে বিসিবি সবুজ দলের অধিনায়ক মুশফিকুর রহিম প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ব্যাট করতে নেমে ১৩ ওভার খেলা শেষ হতে না হতেই প্রবল বৃষ্টির কবলে পড়ে ম্যাচ।
বৃষ্টি থামে প্রায় ঘণ্টাখানেক পর। এরপর আবার ব্যাটিং শুরু করে লাঞ্চ বিরতি পর্যন্ত বিসিবি সবুজ দল ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ৩৪ রান। কিন্তু লাঞ্চের পরই আঘাত হানেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রাজ্জাক। পরপর চারটি উইকেটই তুলে নেন রাজ। জহিরুল ১৯ রান করে রাজ্জাকের বলে ক্যাচ তুলে নিয়ে ফেরেন। শাহরিয়ার নাফিস ২৩ রান করে এবং এছাড়া রকিবুল ১৭ রান করে রাজ্জাকের বলেই বোল্ড। এরপর মমিনুল ১৪ রানে এলবিডব্লুর শিকার হন।
এদিকে এক প্রান্তে দারুণ ধৈর্যের সঙ্গে ব্যাট করে গেছেন মুশফিকুর রহিম। দিনশেষে তিনি ১১০ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৬২ রান করে উইকেটে রয়েছেন। সঙ্গী তার ৯ রান করা মেহরাব হোসেন।
