ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে এই মুহূর্তে তিনিই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। তবে তাই বলে নিজেকে মোটেই রোনালদোর সাথে তুলনা করতে রাজি নন রিয়াল মাদ্রিদের নতুন সুপারস্টার গ্যারেথ বেল। রোনালদোর উপস্থিতিই তার রিয়ালে আসতে চাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বেল জানান, তার দৃষ্টিতে রোনালদোই এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়।
সান্তিয়াগো বার্নাব্যুর প্রেসিডেনশিয়াল বক্সের সামনে তার জন্যই বানানো বিশেষ বক্সে প্রথমবারের মতো রিয়াল সমর্থকদের সামনে এলেন বেল। এরপর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ক্লাবের বিখ্যাত সাদা জার্সি গায়ে জড়িয়ে নেমে পড়লেন মাঠে। প্রায় ২০ হাজার দর্শকের সামনে ১১ নম্বর জার্সি গায়ে বল পায়ে খানিকক্ষণ কাড়িকুড়িও দেখালেন। দর্শকদের তুমুল করতালির জবাব হিসেবে গ্যালারিতে উড়িয়ে মারলেন বেশ কয়েকটি বলও। এরই মধ্যে হয়ে গেল অফিসিয়াল ফটোসেশন। এক হাজার কোটি টাকার নতুন ট্রান্সফার রেকর্ড গড়ে রিয়ালে আসা এই ওয়েলস ম্যানের ক্লাবের হয়ে প্রথম দিনটি কাটলো এভাবেই।
এদিকে গত কয়েক বছর ধরেই রিয়ালের সাফল্যের সবচেয়ে বড় কারিগর রোনালদোর সাথে বেলের ব্যক্তিত্বের সংঘাত সৃষ্টি হতে পারে; এমন আশঙ্কা শুরুতেই উড়িয়ে দিয়েছেন এই ২৪ বছর বয়সী খেলোয়াড়। শুধু তাই নয়, রোনালদোর শ্রেষ্ঠত্ব নির্দ্বিধায় মেনে নিয়ে নিজেকে দাবি করেছেন তার গুণমুগ্ধ ভক্ত হিসেবে। রোনালদোর উপস্থিতিই তাকে রিয়ালে আসতে অনেকটা উদ্বুদ্ধ করেছে জানিয়ে এই সদ্য সাবেক টটেনহ্যাম খেলোয়াড় সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোর স্থান সবার উপরে, নিঃসন্দেহে সেই বিশ্বের সেরা ফুটবলার। তার পাশে মাঠে খেলতে পারাটা হবে সত্যিকারের একটা সম্মান।’
ট্রান্সফার রেকর্ড নিয়ে মোটেই কিছু ভাবছেন না জানিয়ে বেল আরো বলেন, ‘এটা এমন একটা ক্লাব, যেখানে আমি এক পয়সা কিংবা কোন কিছু ছাড়াই আসতে তৈরি ছিলাম। ট্রান্সফার ফি আমার উপর কোন প্রভাবই ফেলছে না। এটা আসলে মাদ্রিদ আর স্পারসের মধ্যকার বিষয়। আমি যদি এ বিষয়টি নিয়ে ভাবি তাহলে সেটা আমার উপর শুধু চাপই সৃষ্টি করবে।’
রেকর্ড গড়ে তাকে দলে ভেড়ানোর পেছনে রিয়ালের মূল উদ্দেশ্য যে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, ক্লাবে আসার সাথে সাথেই বেল বুঝতে পারছেন সেটাও। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল সর্বশেষ এই টুর্নামেন্ট জিতেছে প্রায় এক যুগ আগে। বেলও চাইছেন ব্লাঙ্কোসদের বহু কাঙ্ক্ষিত ‘লা দেসিমা’ বা দশম শিরোপা জেতার সঙ্গী হতে, ‘আমি রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। মাদ্রিদকে ট্রফি জিততে সাহায্য করাটাই এখানে আমার মূল চাপ। আমি এখানে অনেক অনেক ট্রফি জিততে চাই এবং অবশ্যই ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে চাই।’
