জাতীয় হকি দল মালয়েশিয়ায় অনুষ্ঠিত নবম এশিয়া কাপে দেশের ক্রীড়ামোদীদের হতাশ করে আট দলের মধ্যে সপ্তম হয়ে গত সোমবার রাতে দেশে ফিরে এসেছে। বাংলাদেশ দলের সহকারী কোচ ও সাবেক খেলোয়াড় হারুন জানিয়েছেন, খেলোয়াড়রা কোচের নির্দেশনা মতো খেলতে না পারায় এই ব্যর্থতা। অপরদিকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি জানান, এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সামনে কাজে লাগাবেন।
এশিয়া কাপের গ্রুপ পর্বে হকি দল তিন ম্যাচের সবকটিতেই লজ্জাজনকভাবে হারে। এর ফলে প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান দখলের প্রত্যাশা নিয়ে মালয়েশিয়া গেলেও শেষ পর্যন্ত এ লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি দলটি। শেষ পর্যন্ত চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারানোর সুবাদেই সপ্তম স্থান পেতে সক্ষম হয় জাতীয় দল। দক্ষিণ কোরিয়া এবারের এশিয়া কাপে গত রবিবার ভারতকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পাকিস্তান পায় তৃতীয় স্থান।
বিদেশি কোচ এবং দৃশ্যত দীর্ঘমেয়াদী অনুশীলনের পরেও এমন নাকাল হওয়া কেন জানতে চাইলে স্থানীয় কোচ মাহবুব হারুন বলেন,‘টুর্নামেন্টে ষষ্ঠ হওয়াটা আমাদের জন্য কোন ব্যাপার ছিল না। ওমানকে হারাতে পারলেই ওই লক্ষ্যে আমরা জোর চেষ্টা চালাতে পারতাম। কিন্তু ওই একটি হারই আমাদেরকে ব্যাকফুটে ঠেলে দেয়। খেলোয়াড়রা নিজেদের পারফরম্যান্স দেখাতে না পারাই এই বাজে ফলাফলের জন্য দায়ী। মাঠে ছেলেরা শতভাগ পারফরম্যান্স দিতে পারেনি।’
তিনি আরো বলেন, ‘কোরিয়া এবং ভারত আমাদের চেয়ে শক্তিশালী। এটা মেনেই আমরা খেলতে গিয়েছিলাম। তবে ওমানের কাছে হারবো এটা কল্পনাও করতে পারিনি। আসলে ওমানের বিপক্ষে সেন্ট্রাল চ্যানেল দিয়েই আমরা গোল খেয়েছি। মার্ক করতে পেরেও ওই জায়গাটাকে ব্লক করতে পারেনি জিমি-চয়নরা। এটা হয়েছে মূলত, কোচ নাভিদ যেভাবে বলেছেন, সেভাবে ওরা খেলতে পারেনি।’
অনুশীলন খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ বয়ে এনেছে কিনা জানতে চাইলে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘অনুশীলনে কোন বাড়তি চাপ প্রয়োগ করা হয়নি। তবে যথেষ্ট প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় এমনটা হতে পারে।’
এ প্রসঙ্গে জাতীয় দলের খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। কোরিয়া, ভারত এমনকি ওমানের বিপক্ষে খেলতে নেমে আমরা সবাই নিজেদের উজাড় করে খেলেছি। কিন্তু ওমানকে হারাতে না পারাটা আমাদের কাছেও খুব তিক্ত অভিজ্ঞতা বলে মনে হয়েছে।’ তিনি আরো বলেন, ‘গেল দেড় বছরে আমরা যথেষ্ট ভালো খেলেছি। এক টুর্নামেন্টে বাজে খেললেই সব শেষ হয়ে যায় না। আশাকরি ভুলগুলো শুধরে সামনের টুর্নামেন্টে প্রয়োগ করতে পারবো।’
