ক্লাবের ইতিহাসে ট্রান্সফার ফির নতুন বিশ্বরেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেয়া মেসুত ওজিলের বিশ্বাস, আর্সেন ওয়েঙ্গারের অধীনে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন তিনি। গত সোমবার বিকেকেল ট্রান্সফার জানালা বন্ধ হবার ঠিক আগ মুহুর্তে প্রায় চার কোটি ত্রিশ লাখ পাউন্ডে গানার্সদের সাথে যোগ দেয়ার পর গতকাল তিনি একথা বলেন।
গ্যারেথ বেলের বিষয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ প্রকাশ পাওয়ার পরেই অনেকটা পরিস্কার হয়ে যায়, নতুন কোচ কার্লো আনচেলোত্তির ভবিষ্যত পরিকল্পনায় ওজিলের অংশ খুব কমই। ব্যাপারটা এই জার্মানেরও কাছেও অজানা ছিল না। তাই ইউরোপের অন্য কোন লিগে নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য অনেকটা মুখিয়েই ছিলেন তিনি। অন্যদিকে, একজন অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য মৌসুমের শুরু থেকেই হন্যে হয়ে ছুটছিলেন ওয়েঙ্গার। দুয়ে দুয়ে চার মিলে যাওয়ায় চার মিলে যাওয়ায় শেষ পর্যন্ত প্রথম বারের মতো ইংলিশ লিগে আসার সিদ্ধান্তই নিয়ে ফেলেন রিয়ালের সাবেক ‘নাম্বার টেন’।
পুরনো ক্লাবে যে বিষয়টি ছিল অনেকটাই নিশ্চিত, সেই কোচের আস্থা ও বিশ্বাস নতুন ক্লাবে এরই মধ্যে অর্জন করে নিয়েছেন ওজিল। আর দুর্দান্ত কিছু করেই এই আস্থার প্রতিদান দিতে চান তিনি। জার্মান ফুটবল ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জানি আমি কি করতে পারি এবং যে কোন ক্লাবের হয়েই আমি ভাল কিছু করার সামর্থ রাখি। নিজের উপর আমার যথেষ্টই আত্মবিশ্বাস রয়েছে। ওয়েঙ্গার আমার উপর বিশ্বাস রেখেছেন যে আমার পক্ষে সত্যিই আরো ভাল কিছু করা সম্ভব। নতুন চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি।’
