সিডও সনদের পূর্ণ অনুমোদন দাবিতে মানববন্ধন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩০
নারীর প্রতি সকল বৈষম্য রোধ এবং সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সিডও সনদের পূর্ণ অনুমোদন, বাস্তবায়ন ও জাতীয় আইনে এর নীতিমালা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে গতকাল পালিত হয় আন্তর্জাতিক সিডও দিবস। বেসরকারি সংগঠনগুলো নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সরকারের প্রতি দুটি ধারা থেকে আপত্তি তুলে নেয়ার আহবান জানায়। মহিলা পরিষদের মানববন্ধন : ধারা ২ এবং ধারা ১৬, ১ (গ) এর থেকে আপত্তি তুলে নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিবসটি পালন করে। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা,সাধারণ সম্পাদক মালেকা বেগম এবং সভাপতি আয়মা খানম। ৪২টি বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংস্থার মানববন্ধন : এছাড়া সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিডও দিবস উপলক্ষে দেশের ৪২টি বেসরকারি মানবাধিকার ও উন্নয়ন সংস্থার যৌথ প্ল্যাটফরম সিটিজেনস্ ইনিশিয়েটিভস্ অন সিডও, বাংলাদেশ-এর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। প্ল্যাটফরমের পক্ষে সচিবালয় স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট মানববন্ধনটির আয়োজন করে। মানববন্ধনে দেশের বিশিষ্ট নারী নেত্রীবৃন্দ, মানবাধিকার কর্মী, বিভিন্ন মানবাধিকার ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি প্রমুখ অংশ নেন।