জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৮
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের অন্যতম বৃহত্তম নদী কপোতাক্ষ। এটি একটি জোয়ার-ভাটার নদী। জোয়ার-ভাটার প্রবাহের সাথে এ নদীর অস্তিত্ব নির্ভর করে। বিগত ২০০০ সাল থেকে কপোতাক্ষ অববাহিকার অধিবাসীরা ব্যাপকভাবে জলাবদ্ধ সমস্যায় আক্রান্ত। জনগণের জোরালো দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালের অক্টোবর মাসে ২৬১ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয় সাপেক্ষে “কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায়)” অনুমোদন করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটির মূল কাজ তালা উপজেলার জালালপুর ও খেশরা ইউনিয়নের পাখিমারা বিলে টিআরএম বা জোয়ারাধার বাস্তবায়ন এবং ৯০ কিঃমিঃ কপোতাক্ষ নদ খনন। চার বছর মেয়াদি প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১১ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পের ডিজাইন অনুযায়ী প্রথম বছর পাখিমারা বিলে জোয়ারাধার চালুর পর নদী খনন কার্যক্রম শুরু করা হবে। অথচ প্রকল্পের দু’বছর পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গড়িমসির কারণে তা বাস্তবায়িত হয়নি।