কর্পোরেট জীবনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘কর্পোরেট’ বর্তমানে প্রচার হচ্ছে এনটিভিতে। তুহিন অবন্তের রচনা ও পরিচালনায় এই নাটকটি ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, শহীদুজ্জামান সেলিম, তারিন, মিলন, বিজরী বরকত উল্লাহ, ফারজানা চুমকী, মুরাদ, পিয়া, ঝুনা চৌধুরী, মানস বন্দোপাধ্যায়, মুনিরা মিঠু, সুষমা সরকার, পরেশ আচার্য, কাজী উজ্জল, মৌ, লীনা ফেরদৌসী প্রমুখ। নাটকের গল্প আবর্তিত হয়েছে জৈব রসায়নের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম এ হোসেনকে ঘিরে। অবসর গ্রহণের পরও তিনি ব্যস্ত আছেন বিপজ্জনক সব ভাইরাসের গবেষণা নিয়ে। তার নিজের গড়া প্রতিষ্ঠান ‘নেচারস হাউস’। সম্প্রতি হেপাটাইটিস সি ভাইরাসের প্রতিষেধক ফমুর্লা আবিষ্কার করেছেন ড. হোসেন। এই আবিষ্কারের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। ছুটে আসে সাংবাদিক আর তার পরিচিতজনেরা। ড. হোসেন পৌঢ় বয়সে এসে বড্ড নিঃসঙ্গ। তার বড় ছেলে পরিবার নিয়ে গ্রামে থাকে। বড় মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এক মধ্যবিত্ত ঘরের এক থিয়েটারকর্মীকে। ছোট ছেলে নিরুদ্দেশ। ছোট মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর মেজো ছেলে রাহুল একটি ফার্মেসি বিষয়ক কোম্পানির সিইও। ঘটনাক্রমে মেজো ছেলে রাহুল বাবার থিউরিটার স্বত্ব নিয়ে নিজের কোম্পানি থেকে ভ্যাকসিন উত্পাদন করতে চায়। বাধা হয়ে দাঁড়ায় পরিবারের অন্য সদস্যরা। শুরু হয় একান্নবর্তী পরিবারের বৈষয়িক দ্বন্দ্ব ও মানবিক টানাপোড়েন। বর্তমানে নাটকটি দর্শকদের মন ছুঁয়েছে। নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমাদের সমাজের চারপাশের ঘটে যাওয়া ঘটনাই এখানে দেখানো হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ ধারাবাহিক নাটক ‘কর্পোরেট’ প্রচার হয় প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে।
