বলিউড

মুখোমুখি দুই বোন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৬
সিনেমার ইতিহাসে এ ধরনের ঘটনা সহজে, সচরাচর ঘটে না। একই সপ্তাহে দুই বোন অভিনীত দুটি ছবি একসঙ্গে মুক্তি পাওয়ার ঘটনা বিরল বলা যায়। প্রিয়াঙ্কা তার অভিনীত ‘জানজির’ ছবি নিয়ে মুখোমুখি হচ্ছেন তার চেয়ে সাত বছরের ছোট চাচাতো বোন পরিণীতি চোপড়ার। এ সপ্তাহে পরিণীতির ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিটি মুক্তি পাচ্ছে। দু’টি রিমেকে প্রিয়াঙ্কা চোপড়া নায়িকা সেজেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা রামচরণ তেজার বিপরীতে। অ্যাকশন ধাঁচের ছবি ‘জানজির’ মূলত নায়কপ্রধান ছবি। তারপরেও এ ছবিতে প্রিয়াঙ্কার গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের চমকিত করবে। গত বছর প্রিয়াঙ্কা ‘বরফি’ ছবিতে একজন অটিস্টিক তরুণী ঝিলমিলের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বাজিমাত করেছেন। সে তুলনায় ‘জানজির’ ছবিতে প্রিয়াঙ্কার করার তেমন কিছু নেই। তারপরেও নিজের অভিনীত চরিত্রটি যথাযথভাবে রূপায়নের ক্ষেত্রে প্রিয়াঙ্কা পুরোপুরি সচেষ্ট ছিলেন। সত্তর দশকে নির্মিত মূল ছবিটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ি। যা ছিল তার অভিনয় জীবনে একটি অনন্য মাইলফলক। ৪০ বছর পর ‘জানজির’-এর রিমেকে ওই একই চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া তার নিজস্বতা ফুটিয়ে তুলেছেন। গ্ল্যামারের পাশাপাশি মেধাদীপ্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন। প্রিয়াঙ্কার প্রত্যাশা, দর্শক তাকে এ ছবিতে বেশ ভালোভাবেই গ্রহণ করবে। ‘জানজির’ ছবিতে অভিনয়ের সময়ে প্রিয়াঙ্কা ভাবতে পারেননি এ ছবি নিয়ে তাকে মুখোমুখি হতে হবে চাচাতো বোন পরিণীতি চেপাড়ার। বলিউডে দু’বোনের মুখোমুখি লড়াই নিয়ে এরইমধ্যেই দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দু’বোনের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয় তা দেখার জন্য অনেককেই টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন। পরিণীতি চোপড়া বলিউডে পদচারণা শুরু করেছেন মাত্র দু’বছর আগে। এরইমধ্যে তার অভিনীত ‘লেডিস ভার্সেস রিকি বাহল’ এবং ‘ইশাকজাদে’ ছবি দুটি মুক্তি পেয়েছে। ২৪ বছর বয়সী পরিণীতি সিনেমার নায়িকা হবেন ভাবেননি আগে। ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার স্বপ্ন ছিল তার। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ইকনমিক্স, বিজনেস এবং ফিন্যান্সে ট্রিপল অনার্স ডিগ্রি নিয়ে দেশে ফিরে চাকরি জীবন শুরু করেছিলেন। বলিউডের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মসের পাবলিক রিলেশন্স কনসাল্টটেন্ট হিসেবে কর্মজীবন শুরুর কিছুদিনের মধ্যে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পান পরিণীতি। ইয়াশ রাজ ফিল্মসের তিনটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তখন। মজার বিষয় হলো, প্রিয়াঙ্কা চোপড়া ইয়াশ রাজ ফিল্মসের ‘পেয়ার ইম্পসিবল’ ছবিতে যখন অভিনয় করছিলেন তখন তার সঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন তার চাচাতো বোন পরিণীতি। এভাবেই ইয়াশরাজ ফিল্মসের সঙ্গে পরিণীতির যোগাযোগ এবং জীবনের গতিপথ বদলে যাওয়ার শুরু। প্রথম অভিনীত ছবি ‘লেডিস ভার্সেস রিকি বাহল’-এ একজন উচ্ছল স্মার্ট তরুণীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরুতেই দর্শক-সমালোচকদের নজর কাড়েন পরিণীতি। এরপর ‘ইশাকজাদে’ ছবিতে এক উড়নচণ্ডী স্বভাবের উচ্ছল জেদি তরুণীর ভূমিকায় তার অপূর্ব অভিনয় দর্শকদের ভীষণভাবে আলোড়িত করে। ‘ইশাকজাদে’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বিশেষ ক্যাটাগরি) পেয়ে চমক সৃষ্টি করেছেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী। এরইমধ্যে বলিউডে নতুন প্রজন্মের সম্ভাবনাময় তারকা অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। পরিণীতি অভিনীত তৃতীয় ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’ মুক্তি পাচ্ছে আগামী কাল। আজকের তরুণ-তরুণীদের প্রেম-রোমান্স এবং সম্পর্কের নতুন রূপ তুলে ধরার চেষ্টা রয়েছে এ ছবিতে। ‘ব্যান্ড বাজা বারাত’ ও ‘লেডিস ভার্সেস রিকি বাহল’ ছবির পরিচালক মনীষ শর্মার নতুন এ ছবিতে আজকের প্রেমিক-প্রেমিকাদের লিভ টুগেদারের বিষয়টি এসেছে। হিন্দি রোমান্টিক ছবিতে এ ধরনের নায়ক-নায়িকার রোমান্স এবং একসঙ্গে জীবনযাপনের বিষয় আগে কখনও আসেনি। দর্শকদের জন্য এটি নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে সন্দেহ নেই। এ ছবিতে পরিণীতি অভিনয় করেছেন অনেকটা ম্যাচিওরড একজন মেয়ে গায়ত্রীর ভূমিকায়। এখানে তার নায়ক বলিউডের নতুন সেনসেশন সুশান্ত সিং রাজপুত। ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে পরিণীতি অভিনীত গায়ত্রী চরিত্রটি অনেক সাহসী এবং অভিজ্ঞ এক তরুণীর। ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিটি নিয়ে বড় বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মুখোমুখি হওয়া নিয়ে ভেতরে ভেতরে উত্তেজনা অনুভব করলেও পরিণতি তা মুখে প্রকাশ না করে বলেন, ‘আমি এ নিয়ে তেমন কোনো টেনশনে নেই। আমি প্রিয়াঙ্কার ‘জানিজর’-এর প্রমো দেখেছি। আমি পুরো ছবিটি দেখব এবার।’ প্রিয়াঙ্কা চোপড়াও ছোট বোন পরিণীতির ছবি ‘শুদ্ধ দেশি রোমান্স’-এর সঙ্গে নিজের অভিনীত ‘জানজির’ নিয়ে মুখোমুখি হওয়ার ঘটনায় বেশ আলোড়িত। তিনি বলেন, ‘ভালোই হলো, এ সপ্তাহটা চোপড়া পরিবারের দুই কন্যার দখলে। আমি সবাইকে বলব আপনারা দুটি ছবিই দেখুন। দুটি ছবিই বেশ বিনোদনপূর্ণ উপাদানে ভরপুর। সবাই অনেক উপভোগ করবেন আমাদের দু’বোনের দুটি ছবিই।’ প্রিয়াঙ্কার সঙ্গে তার কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নেই দাবি করে পরিণীতি বলেন, ‘প্রিয়াঙ্কা আমার চেয়ে বয়সে ৭ বছরের বড়। ১০-১২ বছর আগে বলিউডে এসেছে সে। তার সঙ্গে আমার তুলনা চলে না। আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাবো কেন। একই দিনে আমাদের দু’বোনের ছবি মুক্তি পাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বটে, এ নিয়ে কেউ কেউ অহেতুক উত্তেজনা ছড়াতে চাইছেন, আমি এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয় না। আমি সব দর্শককে বলব, আমাদের দু’বোনের দুটি ছবিই দেখুন।’