শিল্পকলা একাডেমীর শিক্ষকের জন্মদিনে সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক এবং মিডিয়া ব্যক্তিত্ব মো. আমিনুল ইসলাম কচির জন্ম দিন উদযাপন উপলক্ষে নৃত্যানুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট শুক্রবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ নৃত্যানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলার শিল্পকলা একাডেমি এবং শিল্পকলার ছাত্র-ছাত্রী এবং ক্ষুদে শিল্পীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি আফরোজা আক্তার চৌধুরী। অনুষ্ঠানের পুর্বে নৃত্য শিক্ষক আমিনুল ইসলাম কচির কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। শিল্পকলার অর্থ বিষয়ক সম্পাদক কবি ও সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী কবি আসাদুজ্জামান বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৃত্য শিল্পী আবু হোসেন, ধীরেন্দ্র নাথ, বরুন সাহা, অর্চনা দে, পৌর সভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন, কবি আসুদুজ্জামান বাবুল এবং আমিনুল ইসলাম কচি প্রমুখ। আলোচনার পর শিল্পকলার ছাত্র-ছাত্রী, ক্ষুদে শিল্পী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে নৃত্য শিল্পী আমিনুল ইসলাম কচিকে শুভেচ্ছা জানান। এরপর শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।