এতদিন ওদের মুখ গোমারা ছিল, ওরা হাসতে পারত না, খেলতে পারত না, আর খেলবেই বা কেমন করে ওদের তো কোনো প্লে-গ্রাউন্ড ছিল না। কিন্তু এবার সুনামগঞ্জের শিশু পল্লী এতিম খানার শিশুরা হাসবে খেলবে গাইবে পাশাপাশি করবে পড়াশুনাও। শিবানী দে একজন রূপ বিশেষজ্ঞ এবং ফ্যাশন ডিজাইনার। শত ব্যস্ততার মাঝেও নিজেকে মানবতার সেবায় উত্সর্গ করেন প্রতিনিয়ত। এরই ফলে এবার সুনামগঞ্জের সরকারি শিশু পল্লী এতিম খানার ১৫০ জন এতিম মেয়ের জন্য প্লে-গ্রাউন্ড তৈরি এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন তিনি। সম্প্রতি তিনি সুনামগঞ্জের শিশুপল্লী এতিম খানায় গিয়ে শিশুদের জন্য বিভিন্ন প্রকারের খেলনা বিতরণ করেন। এ প্রসঙ্গে শিবানী দে বলেন, ‘আমি বাচ্চাদের প্রতি দুর্বল। প্রায় তিন বছর আগে আমি শিশুপল্লীতে যাই, প্রথম দেখাতেই ওরা আমাকে আপন করে নেয়। এরপর আমি প্রতি বছর যাই। ওরা আমাকে দেখলেই আনন্দে আত্মহারা হযে পড়ে। উত্সবে মেতে ওঠে। আর এসব ক্রীড়া সমাগ্রী পেয়ে শিশুরা যে কি আনন্দিত হয়েছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। ওদের আনন্দ দেখে আমার চোখে পানি চলে এসেছে। সামান্য খেলনা পেয়ে যারা এতটা আনন্দিত ভালোবাসা পেলে তারা কি করবে সেই অনুভূতি থেকেই এই আবেগটা তৈরি হয়েছে।’
