‘আসমা জাহাঙ্গীরকে ভারতে হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তান সামরিক বাহিনী’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
ভারত সফরকালে একবার বিখ্যাত মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেছিল পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের জনপ্রিয় এই মানবাধিকার কর্মী এ ঘটনা জেনে ফেললে সামরিক বাহিনী তাদের পরিকল্পনা বাতিল করে। আসমা জাহাঙ্গীর এতে ভীত না হয়ে জনসম্মুখে গিয়েছিলেন। মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গুরুত্বপূর্ণ নথি থেকে সমপ্রতি ওয়াশিংটন পোস্ট আমেরিকা ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে ওঠে এসেছে এমন তথ্য।— খবর টাইমস অব ইন্ডিয়ার। ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের ধাঁচের ঘটনা ছিল সেটি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক বছর ধরেই প্রতিবেদনে বলছিল, পাকিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের ঘাড়ে বন্দুক রেখে বিচার বহির্ভূত হত্যার গোপন পরিকল্পনা করছে। ২০১১ সালের জুলাইয়ে যোগাযোগ ব্যবস্থায় আঁড়ি পেতে ও অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যে এনএসএ তাদের চূড়ান্ত প্রতিবেদনে বলে, গত ১৬ মাস ধরে পাকিস্তানে এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।