ব্রিটিশ পার্লামেন্টের পর্নো কেলেংকারি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
গতবছর ব্রিটিশ পার্লামেন্ট হাউজ থেকে সরকারি ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে কমপক্ষে তিন লাখ বার পর্ণোগ্রাফিক ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে বলে একটি দাপ্তরিক রেকর্ড থেকে জানা গেছে। যুক্তরাজ্যভিত্তিক হাফিংটন পোস্ট ইউকে তাদের হোমপেজে ‘ওহ ইয়েস মিনিস্টার’ শিরোনামে একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। -খবর বিবিসি ও ডেইলি মেইল অনলাইনের। যুুক্তরাজ্যের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের একজন কর্মকর্তা বলেছেন, ব্রিটিশ পার্লামেন্টে কমপক্ষে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করে। সংসদ সদস্য, পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কারা এই কাজ করেছে তা এখনো পরিষ্কার নয়। তিনি আরো জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকারের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঐ প্রতিবেদনটিতে গত বছরের ঠিক কোন মাসে কতবার পর্ণোগ্রাফিক ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে দেখা যায়, প্রতিদিন কমপক্ষে আটশ’বার পর্ণো সাইটগুলোতে ঢোকার চেষ্টা হয়েছে। এই তথ্য এমন সময়ে প্রকাশ পেলো যখন চলতি বছর জুলাই মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, অনলাইন পর্ণোগ্রাফি শিশুদের শৈশবকে ক্ষয় করে দিচ্ছে।