ভিয়েতনামে কঠোর ইন্টারনেট আইন
ভিয়েতনামে ইন্টারনেটে বিভিন্ন কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ করে একটি আইন কার্যকর করা হয়েছে। দেশটির এ ‘বিতর্কিত’ আইনটি নিয়ে বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠানসহ যুক্তরাষ্ট্র পর্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেছে। এ আইনটি ‘ডিক্রি ৭২’ নামে পরিচিত। আইনে বলা হয়েছে, দেশটির নাগরিকরা কোনো প্রকার ব্ল¬গ বা সোশাল সাইটে দেশের অভ্যন্তরের খবর প্রকাশ বা শেয়ার করতে পারবে না। তবে নিজের ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা নেই। —বিবিসি
সাগরের গভীরে সোনা
জার্মান বিজ্ঞানীদের একটি দল সাগরের ১ হাজার ৮৫০ মিটার গভীরে সোনার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। ঐ স্থানের তাপমাত্রা ৩৭৮ ডিগ্রি সেলসিয়াস। অস্ট্রেলিয়ার ১,৭৫০ কিলোমিটার পূর্বের দেশ ভানুয়াতুর কাছে প্রশাস্ত মহাসাগরের নিচে ঐ স্থানের সন্ধান পান জার্মানির ‘ইনস্টিটিউট ফর জিওসায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস’ বা বিজিআরসহ আরও দু’টি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা ঐ স্থানে পানির তাপমাত্রা পরিমাপ করা ছাড়াও সেই পানিতে কপার-জিংকের আকরিকের উপস্থিতি খুঁজে পেয়েছেন, যেখানে সোনা থাকতে পারে বলে তাদের ধারণা। —ডয়েচে ভেলে
