চোখ ধাঁধানো জয় দিয়ে ইউএস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। শেষ আটে শিরোপাধারী সেরেনার প্রতিপক্ষ হবেন চীনের লি না। অপরদিকে দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
সেরেনা মঙ্গলবার রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কার্লা সুয়ারেজ নাভারোকে ৫২ মিনিটের মধ্যেই ৬-০, ৬-০ গেমে পরাজিত করেন। এবারের আসরে যাত্রাটা বেশ দাপুটেভাবেই শুরু করেছিলেন সেরেনা। প্রথম রাউন্ড থেকে প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষকে দু’সেটে হারিয়েছেন তিনি এবং একেকটি খেলা শেষে তার ধার কেবলই বাড়ছে। এটি তার ক্যারিয়ারে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল। আর দুটি জয় পেলেই তিনি পঞ্চমবারের মতো ইউএস ওপেনের শিরোপা তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে তার গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা দাঁড়াবে ১৭টি।
পঞ্চম বাছাই চীনের লি না সেরেনার বিপক্ষ হওয়ার আগে কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৬-৭ (৭- ৫), ৬-২ গেমে হারান ২৪তম বাছাই রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে। মাকারোভা অবশ্য দুর্দান্ত লড়াই চালিয়ে দ্বিতীয় সেটটি টাইব্রেকারে টেনে নিয়ে গেলে হার মানতে বাধ্য হন এশিয়ার এই টেনিস তারকা। শেষ পর্যন্ত জয় পেলেও সেরেনার সাথে ক্যারিয়ার লড়াইয়ে ১-৮ ব্যবধানে পিছিয়ে থাকা লি আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় সেমিফাইনালটিতে দৃশ্যতই ‘আন্ডারডগ’। যদিও ২০১ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ী চীনা খেলোয়াড়টির এ বছরের পারফর্মেন্স ভালই। এ নিয়ে টানা তিনটি ডব্লিউটিএ টুর্নামেন্টে নিদেনপক্ষে সেমিফাইনাল খেলার কৃতিত্ব দেখিয়েছেন বিশ্বের ছয় নম্বর মহিলা খেলোয়াড় লি। তাছাড়া প্রথমবারের মতো বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে কোয়ার্টার ফাইনালে খেলেন ৩১ বছরের এই চীনা। শুধু এটুকুই নয় সেরেনার সাথে ফল যা হোক চীনের প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিতে খেলার কৃতিত্ব দেখালেন লি না।
এদিকে আজারেঙ্কা ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে ১৩তম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বৃষ্টির কারণে চতুর্থ রাউন্ডের এ খেলাটিতে বিঘ্ন ঘটেছিল।
