টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৪

কক্সবাজারের জন্য বাড়তি দু’সপ্তাহ চায় বিসিবি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৭
কক্সবাজার স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে (আইসিসি) বাড়তি দু’সপ্তাহ সময় চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মঙ্গলবার স্টেডিয়ামটির ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখানেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার স্টেডিয়ামটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আইসিসিকে স্টেডিয়াম বুঝিয়ে দেয়ার জন্য আমাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। আমার মনে হয় ডেডলাইন থেকে আমাদের ১৫ দিন সময় বেশি লাগবে।’ এই ব্যাপারে এরই মধ্যে আইসিসি’র সাথে বিসিবি’র পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানালেন বোর্ড সভাপতি, ‘আমরা অতিরিক্ত কিছু সময় চেয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছি। আশা করছি সময়ের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে।’ স্টেডিয়ামের সাথে স্পোর্টস কমপ্লেক্স করারও পরিকল্পনা নিয়েছে বিসিবি। কিন্তু তাদের এই পরিকল্পনা কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ গত জুলাইয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানিয়েছিলেন, কক্সবাজারে অস্থায়ী কাঠামো স্থাপন করা হবে। আর বিশ্বকাপ শেষ হলেই অবকাঠামো সরিয়ে নিয়ে সেখানে ফাইব স্টার হোটেল স্থাপন করা হবে। তবে সেই সমস্যাকে খুব বেশি আমলে নিতে চাচ্ছেন না নাজমুল হাসান পাপন, ‘এখন যদি আমরা জমির ব্যাপার নিয়ে বেশি নিয়ে এখন কথা বলতে গেলে সময় মতো স্টেডিয়ামের কাজই শেষ করা যাবে না। এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, প্রথমে স্টেডিয়ামের কাজ শেষ করা। এরপর আমরা এই ব্যাপারে আলোচনা করবো। মনে হচ্ছে আমরা একটা শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছাতে পারবো।’