মহিলাদের গড় আয়ু বাড়ছে। এমন একটি তথ্য বেরিয়ে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে। তবে মধ্য আয়ের দেশসমূহে মহিলাদের গড় আয়ু এখনো কম এবং এটা তারা কিছু পদক্ষেপ নিলে বাড়াতে পারেন। মহিলাদের গড় আয়ু এখন ৫০ বছর-এর বেশি। তবে স্ট্রোক, হূদরোগ ও ক্যান্সার এই তিনটি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান ৫০-এর কোটায় বেশীরভাগ মহিলা। এ তথ্য দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এজিং বিভাগের পরিচালক ড: জন আর বিয়ার্ড। এই বিশেষজ্ঞের অভিমত: মহিলাদের অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং জরায়ুর ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। গবেষণার অন্যতম অথার ড: বিয়ার্ড আরও মনে করেন মহিলাদের হূদরোগ, স্তন ও জরায়ুর ক্যান্সার সহজে প্রতিরোধ করা যায়। ধূমপান ও মদ্যপান পরিহার এবং শরীরের বাড়তি মেদ কমানোও মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। তথ্য মতে সবচেয়ে বেশী দিন বেঁচে থাকেন জাপানি মহিলাগণ। তবে ৪০ বছর আগের চিত্র এখন প্রায় সব দেশে কমবেশি বদলে গেছে। এখন প্রায় বেশীরভাগ দেশের মহিলাগণের গড় আয়ু বেড়েছে। তবে ড: বিয়ার্ড মনে করেন মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কের সুরক্ষা যেমন জরুরি তেমনি সংক্রামক ব্যাধিও প্রতিরোধ করা দরকার।
