সমুদ্রে তৈল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদ্যমান ‘মডেল পিএসসি ২০১২’-এর ছয়টি শর্ত শিথিল করা হচ্ছে। পাশাপাশি প্রতি এক হাজার ঘনফুট গ্যাসের বর্তমান মূল্য সাড়ে ৫ ডলার থেকে বাড়িয়ে সাড়ে ৬ ডলার নির্ধারণ করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এছাড়া বৈঠকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার সিস্টেম স্থাপন ও কক্সবাজারে পর্যটন হলিডে কমপ্লেক্সের ট্যুরিজম রিসোর্ট ও বিনোদন পল্লী উন্নয়ন শীর্ষক প্রকল্পের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এই দুইটি প্রকল্পই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, শ্রীলংকা ও মিয়ানমারের পিএসসি শর্তাবলীর তুলনায় বাংলাদেশের শর্তাবলী বেশ কঠিন। এ কারণে ওইসব দেশের শর্তাবলী পর্যালোচনা করে এসব পরিবর্তন আনা হয়েছে।’
‘মডেল পিএসসি ২০১২’-এর ছয়টি শর্ত পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এখন থেকে কন্ট্রাক্টর প্রতিষ্ঠান পেট্রোবাংলার অনুমতি ছাড়াই তার মোট শেয়ারের ৫০ শতাংশ গ্যাস দেশের অভ্যন্তরে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে। এছাড়া কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে পেট্রোবাংলা কর্তৃক কর্পোরেট ট্যাক্স পরিশোধ, কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত অর্থের বাত্সরিক কস্ট রিকভারি ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ নির্ধারণ, পেট্রোবাংলার কাছে গ্যাস বিক্রির ক্ষেত্রে ৪ শতাংশ শুল্ক প্রদান থেকে কন্ট্রাক্টর প্রতিষ্ঠানকে অব্যাহতি দেয়া এবং কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে চুক্তিতে নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে একটি হাইটেক পার্ক স্থাপনে ডেভেলপার নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
গ্রামীণ ব্যাংক কমিশনঃ অর্থমন্ত্রী জানান, গ্রামীণ ব্যাংক কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন তিনি এখনো হাতে পাননি। কবে নাগাদ জমা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে নিয়মিত চিঠি চালাচালি হচ্ছে। তিনি কবে নাগাদ প্রতিবেদন জমা দিতে পারবেন, সে বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তারিখ জানতে চাওয়া হয়েছে।
