সাম্প্রতিক সময়ে ব্যাংকের এটিএম বুথ কেন্দ্রিক জাল-জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় এটিএম বুথের অবকাঠামোগত নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে এটিএম কার্ডধারীদের আরো সচেতন করার বিষয়ে ব্যাংককে উদ্যোগ নিতে বলা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ নির্দেশনা বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটিএম বুথে প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরী দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোন ব্যক্তি ব্যাংকের এটিএম বুথে এসে নতুন কোন যন্ত্র বসানো বা কোন যন্ত্র মেরামত করতে চাইলে বুথে কর্মরত নিরাপত্তা প্রহরী সংশ্লিষ্ট ব্যাংকের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করবেন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা এটিএম বুথে এসে হাজির হবেন।
নির্দেশনায় আরো বলা হয়েছে, গ্রাহকদের সমস্যার তাত্ক্ষণিক সমাধান করতে ব্যাংকে হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করে সেখানে নিয়োজিত কর্মকর্তার নাম ও যোগাযোগের ফোন নম্বর নোটিস হিসাবে এটিএম বুথে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। তাছাড়া এটিএম বুথ ব্যবহারের সঠিক নিয়মাবলী সহজবোধ্য ভাষায় পোস্টার আকারে বুথের দৃশ্যমান স্থানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটিএম ও পজ (পয়েন্ট অব সেল-পিওএস) মেশিনে সংঘটিত জাল-জালিয়াতি সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি পত্রিকা ও টেলিভিশন মাধ্যমে প্রকাশ করার পরামর্শও দেয়া হয়েছে এই নির্দেশনায়।
