দক্ষিণ এশিয়ার রুগ্ন অর্থনীতির পুনরুদ্ধারের লক্ষ্যে প্যাকেজ ঋণের আওতায় পাকিস্তানকে আরো ৬৭০ কোটি ডলার দিতে যাচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। সংস্থাটির পরিচালনা বোর্ড গত বুধবার এ অর্থ অনুমোদন করে। এর ফলে দেশটির রিজার্ভ এবং অর্থ লেনদেন সংকট নিরসনে প্রভাব রাখবে বলে মনে করছেন এই ঋণদাতা গোষ্ঠী।
অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে এ সংস্থাটি। তবে এটি অন্য দাতাদেরও অর্থ সাহায্য দিতে উদ্বুদ্ধ করে থাকে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের দুইজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, আগস্ট মাসেই এ প্যাকেজ ঋণ অনুমোদনের ঘোষণা দেয়া হয়। কিন্তু বোর্ডের সিদ্ধান্ত ও আর্থিক বছরে আমাদের উন্নয়নের অগ্রগতি নিরুপণের কারণে সেটি স্থগিত রাখা হয়। দেশটির অন্যতম দাতা এশিয়ান উন্নয়ন ব্যাংক জানিয়েছে, প্যকেজ ঋণের আওতায় দেশটি ১১০০ কোটি ডলারের ঋণ সুবিধা পাচ্ছে। এর মধ্যে ৫০০ কোটি ডলার পেয়ে গেছে। দেশটির সার্বিক কার্যক্রম নিরূপণে বাকি ছয়শো থেকে নয়শো কোটি ডলার হলেই চলবে। তাছাড়া ২০০৮ সাল থেকে লেনদেনে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এ অর্থ দিয়ে তা মোকাবিলা করতে সক্ষম হয়েছিল দেশটি। তবে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় দুই বছর আগে এই ঋণ প্রত্যাহার করে নেয়া হয়েছিল।
