বিএটি ব্যাটল অব মাইন্ডস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ওশেন ৪ টিম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) বাংলাদেশ আয়োজিত ব্যাটল অব মাইন্ডস প্রতিযোগিতার ফাইনাল পর্ব গত বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে আইবিএ এর ‘ওশেন ৪’ টিম। অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান বিএটি’র পক্ষ থেকে জানানো হয়, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য বিএটি এই প্রতিযোগিতার আয়োজন করে। যাতে তারা সমসাময়িককালের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে নিজের উদ্ভাবনী ধারণাগুলো তুলে ধরতে পারেন। বিএটি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অরুণ কউল বলেন, দেশের মেধাবী গ্র্যাজুয়েটেদের লক্ষ্য করেই বিএটি বাংলাদেশ-এর একটি অন্যতম উদ্যোগ এই ব্যাটল অব মাইন্ডস প্রতিযোগিতা। যাতে তারা ছাত্রজীবন ও কর্পোরেট খাতের চাকরি জীবনের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তুলতে পারেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলে ছিলেন বিএটি’র সাউথ এশিয়া এরিয়ার এরিয়া হেড অব সাপ্লাই চেইন মুসতানসের আলী খান, শ্রীলংকার সিলন টোবাকো কোম্পানীর জিএম ফেলিসিও ফেরাজ, বিএটি বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর অ্যান্থনি ইয়ং, এরিয়া হেড অব এইচ আর সৈয়দ ইমতিয়াজ ফারুক। প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয় এনএসইউ এবং দ্বিতীয় রানার্স আপ হয় আইইউটি।