কদমতলীর মুন্সিখোলা এলাকা থেকে বৃহস্পতিবার পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা, ওয়াকিটকি ও হাতকড়াসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। মাইক্রোবাসটিতে ‘প্রেস’ লেখা ছিল। আটক ব্যক্তিরা হলেন আবুল কালাম ও জহিরুল ইসলাম।
কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের মালিকানাধীন মুন্সিখোলাস্থ মদিনা ট্রেডিং থেকে জোরপূর্বক পাঁচ লাখ টাকা চাঁদা নিয়ে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ রাস্তায় ব্যারিক্যাড দিয়ে তাদের আটক করে। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে সোপর্দ করা হয়। তিনি আরো জানান, আটক ব্যক্তিরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছিল।
