যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার দেয়ার আশ্বাস দিয়েছেন এক মার্কিন সিনেটর। যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি সোমবার নভোদার লাস ভেগাসে সিনেটর হ্যারি রিডের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠককালে রিড এ আশ্বাস দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, রাশেদ চৌধুরী ও আশরাফুজ্জামান খানকে ফেরত পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় সহায়তা করবে। বৈঠকে মার্কিন সিনেটর বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির জন্য সরকারের প্রশংসা করেন। রানা প্লাজার দুর্ঘটনার বিষয়ে মার্কিন সিনেটর উদ্বেগ প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের অধিকার রক্ষা ও কারখানার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে সিনেটর রিডকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুই দ্বিপক্ষীয় ইস্যুতে তারা আলোচনা করেন।
