ড্রয়ের মধ্যদিয়ে শেষ হল খুলনায় জাতীয় দলের খেলোয়াড়দের তিনদিনের প্রস্তুতি ম্যাচ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে লাল দল ও সবুজ দলের মধ্যকার ম্যাচটি থেকে গতকাল শেষ দিনে কোন ফলাফল বের হয়ে আসেনি। দিনের উল্লেখযোগ্য ঘটনা হল ব্যাটসম্যান সৌম্য সরকারের সেঞ্চরি।
গতকাল বৃহস্পতিবার তৃতীয় ও শেষ দিন শেষে বিসিবি সবুজ দল দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে পাঁচ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। সবুজ দলের ওপেনার শাহরিয়ার নাফিস ৫৭, মুশফিকুর রহিম অপরাজিত ৩৭ এবং মেহরাব হোসেন জুনিয়র ২৫ রান করেন। লাল দলের আব্দুর রাজ্জাক দ্বিতীয় ইনিংসেও দু’টি উইকেট লাভ করেন। এর মধ্যদিয়ে দুই ইনিংস মিলিয়ে মোট নয়টি উইকেট নিলেন এই স্পিনার। এছাড়া নাসির হোসেন দুটি ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি উইকেট নেন। এর আগে ম্যাচে নিজেদের একমাত্র ইনিংসে অল আউট হওয়ার আগে ৩৯১ রান সংগ্রহ করে বিসিবি লাল দল। বিসিবি লাল দল বৃহস্পতিবার আগের দিনের পাঁচ উইকেটে ২৮২ রান নিয়ে দুই অপরাজিত ব্যাটসম্যান ১৪৫ এবং সৌম্য সরকার ৫৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। তবে মার্শাল আইয়ুব তার ঝুঁড়িতে মাত্র ১২ রান যোগ করে ১৫৭ রানে সাজ ঘরে ফিরে যান। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন সৌম্য সরকার। সোহাগ গাজীর বলে আউট হয়ে আসার আগে ১৫৭ বল খেলে তিনি তোলেন ১১৫ রান। দুটি করে উইকেট পান রবিউল ইসলাম, রুবেল হোসেন, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র ও আল আমিন।
