ছোট হয়ে আসলো দক্ষিণ আফ্রিকাগামী বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ক্যাম্পের স্কোয়াড। ২৯ জন থেকে খেলোয়াড়ের সংখ্যা নামিয়ে আনা হয়েছে ২০-এ। জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।
দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। আগামী নয় সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা দলটির। ১২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সিরিজ। এরপরের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর। দক্ষিণ আফ্রিকা মহিলা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে পচেফস্ট্রমে।
এরপর ১৮ তারিখ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে একটা প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে ম্যাচগুলো। এর মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে বেনোনিতে। ২২ সেপ্টেম্বর জোহানেসবার্গে দ্বিতীয় ও ২৪ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
২০ জনের স্কোয়াড : সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, খাদিজা তুল কুবরা, পান্না ঘোষ, নুঝাত তাসনিয়া, সুলতানা ইয়াসমিন বৈশাখী, লিলি রানি বিশ্বাস, রিতু মনি, ফাহিমা খাতুন, শাহনাজ পারভীন, সাথীরা জাকির জেসি, সোহেলি আখতার, তাজিয়া আক্তার, শায়লা শারমিন, শারমিন আক্তার সুপ্তা, তিথি রানী সরকার।
