এবার বাঁচতে পারলেন না সুস্মিতা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৮
তালেবানের কবল থেকে দেড় দশক আগে পালিয়ে আসার স্মৃতি নিয়ে বই লিখে যিনি সাড়া ফেলেছিলেন, সেই সুস্মিতা ব্যানার্জি আফগানিস্তানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বুধবারের এই হত্যাকাণ্ডের জন্য তালেবান গোষ্ঠীকেই দায়ী করছে আফগান পুলিশ। পাকতিতা রাজ্যে বাড়ি থেকে তুলে নিয়ে সুস্মিতাকে (৪৯) হত্যা করা হয় বলে বিবিসি জানিয়েছে। কলকাতার মেয়ে সুস্মিতা ১৯৮৮ সালে আফগান ব্যবসায়ী জানবাজ খানকে বিয়ে করে আফগানিস্তানে পাড়ি জমান। ১৯৯৩ সালে দেশটিতে তালেবানি শাসন শুরুর পর তাদের রোষানলে পড়েন সুস্মিতা। পরে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে দু’বছর পর পালিয়ে ভারতে যেতে পেরেছিলেন তিনি। এই অভিজ্ঞতা নিয়ে বাঙালি এই নারী ‘এ কাবলিওয়ালাস বেঙ্গলি ওয়াইফ’ শিরোনামের একটি স্মৃতিকথা লেখেন, যা ভারতে সর্বোচ্চ বিক্রিত বইয়ের তালিকায় স্থান পায়। বইটি অবলম্বনে ২০০৩ সালে বলিউডে ‘এসকেপ ফ্রম তালেবান’ নামের একটি চলচ্চিত্রও নির্মিত হয়, যাতে অভিনয় করেন মনীষা কৈরালা। তালেবান শাসনের অবসানের পর সমপ্রতি সুস্মিতা আবার আফগানিস্তানে তার স্বামীর কাছে ফিরে গিয়েছিলেন। স্বাস্থ্যকর্মী হিসেবে কাজও করছিলেন তিনি। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিবিসিকে জানান, তালেবান জঙ্গিরা পাকতিতা প্রদেশের রাজধানী কারানায় বাড়িতে ঢুকে স্বামীসহ পরিবারের লোকজনের হাত-পা বেঁধে রেখে সুস্মিতাকে নিয়ে যায়। পরে গুলি চালিয়ে হত্যার পর একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে লাশ ফেলে যায়।