ভারতে জ্বালানি তেলের দাম বাড়ছে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩২
ভারতে রুপির মূল্য কমে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সকল জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। বার্তা সংস্থা পিটিআই বৃহস্পতিবার জানায়, ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স’র (ইউপিএ) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ডিজেল প্রতি লিটার ৩ থেকে ৫ রুপি, কেরোসিন প্রতি লিটার ২ রুপি এবং এলপিজি প্রতি সিলিন্ডারের মূল্য ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে। সোনিয়া গান্ধী গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র গেছেন। সপ্তাহ খানেকের মধ্যে তার দেশে ফেরার কথা। একজন কর্মকর্তা জানান, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। প্রথমে কংগ্রেস জোট এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরে রাজনীতি বিষয়ক কেবিনেট কমিটি তা বিবেচনা করবে। অপর এক কর্মকর্তা জানান, জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রস্তাব এখনও কেবিনেটে বিবেচনার জন্য পাঠানো হয়নি। এদিকে দেশটির তেলমন্ত্রী এম ভিরাপ্পা মইলি গতকাল সাংবাদিকদের বলেন, এ ধরনের এখনও কোন সিদ্ধান্ত হয়নি।