আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে নিথর মাহবুবের একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’। কথার অভিনয় আমরা সচাারাচার দেখে থাকি। কিন্তু কেবলই আঙ্গিক অভিনয় ও অভিব্যক্তিতে দর্শককে মুগ্ধ করা সত্যিই কঠিন কাজ। মাইম আর্টের এমনি একটি প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’। এর রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন অভিনেতা নিজেই। আলোক পরিকল্পনা করেছেন হেন্ড্রি। সংগীত পরিকল্পনা শুবাশিষ দত্ত তন্ময়। ইতিমধ্যে নাট্যাঙ্গনে এটি ব্যাপক আলোচিত হয়ে উঠেছে।
নিথর মাহবুব বলেন, ‘নির্বাক এই অভিনয়ের প্রতি দর্শকদের আগ্রহ দেখে আমি মুগ্ধ। দর্শকদের দাবির মুখেই এত ব্যাস্ততার মধ্যেও একর পর এক ‘লাইফ ইজ বিউটিফুল’-এর প্রদর্শনী করে যাচ্ছি। এই মাসের ১৮ তারিখে মহাকালের নাট্য উত্সবে এর আরেকটি প্রদর্শনী আছে। মূল গল্পের সাথে ৬টি টুকরো টুকরো ভিন্ন মাত্রার মূকাভিনয়ের গাঁথুনিতে সাজানো হয়েছে এটি। এই নির্বাক উপস্থাপনায় ওঠে এসেছে আজকের বাংলাদেশের বাস্তব চিত্র। উঠে এসছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি খেলা, মাছ ধরা, ঘুড়ি উরানো, নৌকা বাওয়া ইত্যাদি, উঠে এসছে তরুণ সমাজের নৈতিক ও মূল্যবোধের অবক্ষয়, শৈশবের স্মৃতি কাতরতা, বেকারত্ব থেকে মুক্তির উপায়, সামাজিক ও ব্যক্তিমানসের নানা অসঙ্গতি। সর্বোপরি সব বাধা-বিপত্তিকে অতিক্রম করে লক্ষ্যভেদী ও স্বপ্নবিলাসী এক যুবকের বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি ও জীবনমুখী পথ চলাই ‘লাইফ ইজ বিউটিফুল’।
