বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে দেশের পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যাপারে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি লিখিত অভিযোগ পেয়েছে। সংসদ সচিবালয় জানায়, কমিটির পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রগুলো কিভাবে পরিচালিত হচ্ছে সে ব্যাপারে মন্ত্রণালয় কিংবা বোর্ডের কোন নজরদারি নেই। দেশের পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে যেসব কর্মকর্তা প্রশিক্ষণ নিতে আসেন তাদের প্রায়শই বিভিন্ন ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়। চাকরির জন্য কেউই মুখ খুলেন না। সংসদ সচিবালয় আরও জানায়, কমিটির নিকট পাঠানো অভিযোগের মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বেশ কয়েকটি গুরুতর অনিয়মের কথা লেখা রয়েছে।
