বাংলাদেশে নিউজিল্যান্ড সূচি
তারিখ খেলা ভেন্যু
৯-১৩ অক্টোবর ১ম টেস্ট চট্টগ্রাম
২১-২৫ অক্টোবর ২য় টেস্ট মিরপুর
২৯ অক্টোবর ১ম ওয়ানডে মিরপুর
১ নভেম্বর ২য় ওয়ানডে মিরপুর
৪ নভেম্বর ৩য় ওয়ানডে ফতুল্লা
৬ নভেম্বর একমাত্র টি-টোয়েন্টি সিলেট*
* ভেন্যু অনুমোদন সাপেক্ষে
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মানেই অনেকের কাছে ড্যানিয়েল ভেট্টোরি বনাম সাকিব আল হাসান লড়াই। দুর্ভাগ্যের ব্যাপার যে, গত সিরিজে ভেট্টোরির নিউজিল্যান্ড সাকিববিহীন বাংলাদেশের কাছেই হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল; ফলে সেবার এই লড়াইটা দেখা হয়নি। এবার আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজেও দেখা যাবে না এই লড়াই। কারণ ইনজুরির জন্য বাংলাদেশ সফরে আসতে পারছেন না ভেট্টোরি।
শুধু ভেট্টোরি নন; বর্তমান সময়ের তিন তারকাকে ছাড়াই ২ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ইনজুরির কারণে অন্তত টেস্ট দলে থাকছেন না মার্টিন গাপটিল ও টিম সাউদি। এর মধ্যে সাউদি ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা আছে। আর এদের জায়গায় অনভিষিক্ত লেগ স্পিনার ইশ সোধি ও ব্যাটিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ডাক পেয়েছেন বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে। এ ছাড়া ১৫ সদস্যের এই দলে ইংল্যান্ডে সর্বশেষ সফর করা নিউজিল্যান্ডের বাকিরা সবাই আছেন।
তারপরও তিন তারকাকে হারিয়ে ফেলায় বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দলকে একটু খর্ব শক্তির বলাই যায়। এই দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড দল।
২ তারিখে ঢাকা পৌঁছানোর পর নিউজিল্যান্ড কার্যত তাদের সফর শুরু করবে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ৪ তারিখ থেকে তিনদিনের এক অনুশীলন ম্যাচের ভেতর দিয়ে শুরু হবে কিউইদের বাংলাদেশ অভিযান। এরপর ৯ অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।
প্রথম টেস্ট শেষে আবার ঢাকায় ফিরে ২১ অক্টোবর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে তারা। এরপর একই ভেন্যুতে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ফতুল্লায়; ৪ নভেম্বর। আর ৬ নভেম্বর নিউজিল্যান্ডের এই সফরের একমাত্র টি-টোয়েন্টির প্রস্তাবিত ভেন্যু হিসেবে সিলেট স্টেডিয়ামের কথা উল্লেখ করা আছে সূচিতে। কিন্তু সিলেট স্টেডিয়াম ইতিমধ্যে আইসিসির অনুমোদন পেলে তবেই এই ম্যাচ সিলেটে হবে।
নিউজিল্যান্ডের টেস্ট দল:
পিটার ফুলটন, হামিশ রাদারফোর্ড, কেন উইলিয়ামস, রস টেলর, ডিন ব্রাউনলি, ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), বিজে ওয়াটলিং, টম লাথাম, কোরি অ্যান্ডারসন, ডগ ব্রেসওয়েল, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, মার্ক গিলেস্পি, ইশ সোধি, ব্রুস মার্টিন।
