অস্ট্রেলিয়ার গোলরক্ষক মার্ক সোয়ার্জার জানিয়েছেন, আজ শনিবার ব্রাজিল যখন তার দলকে আতিথ্য দেবে সেসময় স্বাগতিকরাই চাপে থাকবে। শুধু তাই নয় সকারুজ নামে খ্যাত অস্ট্রেলিয়া দলের এই বর্ষীয়ান গোলরক্ষক জানেন কিভাবে ব্রাজিলের বিরুদ্ধে জিততে হয়। ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিল নিজেদের রাজধানী ব্রাসিলিয়ায় এস্তাদিও গ্যারিঞ্চায় এই প্রীতি ম্যাচটি খেলবে।
ব্রাজিলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বশেষ জয়টি অবশ্য অনেক আগের। ২০০১ সালের কনফেডারেশন্স কাপে শন মার্ফির গোলে ১-০ গোলে জয়ী হয়েছিল অজিরা। সোয়ার্জার সেই দলটিতে ছিলেন। জার্মান কোচ ওলগার কোসিয়েকের অধীনে এ খেলাতে তিনি এক নম্বর জার্সি গায়ে চাপাবেন।
পুরনো জয়টির ব্যাপারে স্মৃতি হাতড়ে চেলসি গোলরক্ষক বলেন, এটা ছিল দারুণ একটা টুর্নামেন্ট। আমরা গ্রুপ পর্বে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলাম এবং দুর্ভাগ্যজনকভাবে জাপানের কাছে হেরে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলায় অদম্য ব্রাজিলের মুখোমুখি হই। সুনির্দিষ্টভাবে সেই দিনটিতে তারা সম্ভবত আমাদের খাটো করে দেখেছিল। কিন্তু আমরা খুবই দৃঢ়তার সাথে লড়ি এবং একটা ভাল গোলের সুবাদে খেলাটিতে জিতে যাই।’
শুধু সিনিয়ররাই নয় ২০০৩ সালে আবুধাবীতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জুনিয়র দল ৩-২ গোলে হারিয়েছিল তাদের ব্রাজিলীয় বিপক্ষকে। এসব হয়তো অস্ট্রেলিয়াকে খেলাটিতে প্রেরণা জোগাতে পারে আজকের লড়াইয়ে।
কিন্তু ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো কোচ লুই ফিলিপ স্কোলারি এ ম্যাচে অনেক তারকাকেই খেলাবেন। এদের মধ্যে আছেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার ও শোয়ার্জারের চেলসি সঙ্গী ডেভিড লুইজ, অস্কার ও র্যামিরেস। স্ট্রাইকার হাল্ক ও ফুলব্যাক দানি অ্যালভেজ অবশ্য ইনজুরির কারণে এ ম্যাচটিতে খেলতে পারছেন না। যেমন পারছেন না অস্ট্রেলিয়ার তারকা স্ট্রাইকার টিম কাহিল।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এ বছরের জুনে নিজেদের মাটিতে বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোলে হারিয়ে কনফেডারেশন্স কাপ জিতে নেয়। ধারণা করা হয় ব্রাজিলই এ খেলাটিতে প্রাধান্য বিস্তার করবে। যদিও স্কোলারির দল এ বছর দুটি খেলায় হেরেছে। এর মধ্যে আছে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলের হারটি।
বর্ষীয়ান গোলরক্ষক সোয়ার্জার বিশ্বাস করেন, স্বাগতিক দল ভাল খেলার জন্য চাপে থাকবে। তিনি বলেন,‘তারা একটি তারুণ্য নির্ভর দল যার আছে মাঠজুড়ে তারকা খেলোয়াড়। তাছাড়া দলটি যোগ্যতার নিরিখেই স্পেনকে হারিয়ে কনফেডারেশন কাপ জেতার প্রেক্ষিতে মাঠে নামছে। সে কারণেই তাদের ওপর অনেক প্রত্যাশার ভার। এছাড়াও আমরা জানি যে, তারা আগামী বছর বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আর এ দেশটিতে জাতীয় দলকে নিয়ে প্রত্যাশা সবসময়েই বিপুল। স্বাগতিক জাতি হিসেবে এখন তা আরো ব্যাপক।’
অজি খেলোয়াড়টি জানেন, ব্রাজিলের বিরুদ্ধে খেলা কতটা চ্যালেঞ্জ। সেটা স্বীকার করেও সোয়ার্জার বলেন,‘এটা গুরুত্বপূর্ণ একটা খেলা যা এ মুহূর্তে আমরা কোথায় আছি সে ব্যাপারে জানান দেবে। বিশেষ করে বিশ্বের সেরা দলগুলোর এবং এ মুহূর্তে সবচাইতে ফর্মে থাকা দলটির বিরুদ্ধে খেলার প্রেক্ষিতে।’
তিনি আরো বলেন,‘আমরা চ্যালেঞ্জটাকে খাটো করে দেখছি না। আসলে এটা হতে যাচ্ছে আমাদের জন্য খুবই ব্যস্ত একটা দিন।’-ফুটবল অস্ট্রেলিয়া/সকারওয়ে
