২০১২-১৩ অর্থ বছরে রেকর্ড ৫২ কোটি নয় লক্ষ ইউরো আয় করেছে স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এর ফলে ক্লাবটি টানা দ্বিতীয় বারের মতো ৫০ কোটি ইউরোর লভ্যাংশ ঘরে তুলল।
রিয়াল মাদ্রিদ ঘোষণা দিয়েছে তাদের এই লভ্যাংশ এর আগের মৌসুমের তুলনায় এক দশমিক তিন শতাংশ বেড়েছে। সারাবিশ্বের একমাত্র ক্লাব হিসেবে স্পেনের ক্লাবটি পর পর দু’বার ৫০ কোটি ইউরোর রাজস্ব ঘরে তুলেছে। এ বছর মাদ্রিদের সর্বমোট লাভের পরিমাণ তিন কোটি ৬৯ লক্ষ ইউরো। আগের অর্থ বছরের তুলনায় মোট লাভ বেড়েছে ৫২.৪ শতাংশ। পাশাপাশি ক্লাবটির ঋণের পরিমাণও প্রায় তিন কোটি ৪০ লক্ষ ইউরোর কিছু (২৭.৪ শতাংশ) কমে নয় কোটি ছয় লক্ষ ইউরোতে দাঁড়িয়েছে।
এই অর্থের সংস্থানের মূলে রয়েছে ক্লাবটির গত বছরের দলবদলের নীতি। লুকা মড্রিক, ডিয়াগো লোপেজ ও মাইকেল অ্যাসিয়েনের লোনের জন্য চার কোটি ইউরো এবং সার্জিও কানালেস, হামিত আলতিনতপ, লাসানা দিয়ারা এবং নূরি শাহিনের বিক্রয়ের অর্থও এই হিসাবের অন্তর্ভুক্ত। এই সময়টার মধ্যে গ্যারেথ বেল, ইস্কো, অ্যাসিয়ার ইলারেমেন্ডি, দানি কারাভাজাল এবং ক্যাসমিরোদেরকে কিনতে ক্লাবটি খরচ করেছে ১৮ কোটি ১৫ লক্ষ ইউরো। রিয়ালের এবারের লাভের হিসাব থেকে বাদ পড়েছে কার্লো আনচেলোত্তির ২০১৩ সালের এই বিশাল খরচ। হিসাবের বাইরে আছে মেসুত ওজিল, গনজালো হিগুয়েন, হোসে ক্যালিগন এবং রাউল অ্যালবিওলের বিক্রয়ের অর্থও। আগামী ২২ সেপ্টেম্বর ক্লাবের মিটিংয়ে ২০১২-১৩ সেশনের এই হিসাব অনুমোদনের জন্য তোলা হবে।
