জিম্বাবুয়ের স্বপ্ন ‘চুরি’ করলেন ইউনুস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৮
২০০৩ সাল, মুলতান টেস্টে একাই বাংলাদেশের স্বপ্ন ‘চুরি’ করলেন ইনজামাম উল হক। মুলতানের সুলতানের ১৩৮ রানের অপরাজিত ইনিংসে অবিশ্বাস্য এক জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরতে হল খালেদ মাহমুদের দলকে। হারতে হল মাত্র ১ উইকেটে! ঠিক ১০ বছর বাদে অনেকটা একইভাবে আরেকটি দলের স্বপ্ন ভঙ্গ হতে যাচ্ছে, এবারও দাঁড়িয়ে গেলেন আরেক ‘পাঠান’। তাও আবার সেই ছয় সেপ্টেম্বরেই। তিনি হলেন ইউনুস খান; পাকিস্তানের ভরসার প্রতীক হয়ে খেলে ফেললেন ২০০ রানের ইনিংস। আর তাতেই জিম্বাবুয়ের জয়ের স্বপ্ন প্রায় ধুলিস্যাত্ হয়ে গেল। পঞ্চম দিনের উইকেটে ৩৪২ রান তাড়া করে জয় পাওয়া তো আর সহজ কোন কাজ নয়। আগের দিন ৭৬ রানে থেকে যখন দিনের খেলা শেষ করলেন, লিড মাত্র ৯০ রান; টেস্ট র্যাংকিংয়ের সবচেয়ে নিচে থাকা দলের বিপক্ষে পরাজয়ের হাতছানি। চতুর্থ দিনের শরু থেকেই ইউনুসের কাঁধে তাই ছিল রাজ্যের চাপ। কিন্তু সেই চাপ জয় করেই গড়লেন অপরাজিত এক ডাবল সেঞ্চুরি। জিম্বাবুয়ের সামনে দিলেন ৩৪২ রানের এক “অসম্ভব” টার্গেট। ইউনুস ছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান আদনান আকমল ৬৪ ও শেষ ব্যাটসম্যান রাহাত আলী ৩৫ রানে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের স্পিনার প্রসপার উেসয়া তিনটি উইকেট নেন। পাকিস্তান ৯ উইকেটে ৪১৭ রানে ডিক্লেয়ার করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে। জবাবে ১ উইকেট হারিয়ে ১৩ রান করে স্বাগতিকরা।