আগামীকাল প্রথম সেমিফাইনালে

মুখোমুখি নেপাল ও আফগানিস্তান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
নেপাল থেকে ভারত ও মালদ্বীপ খেলবে সোমবার অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে। স্বাগতিক নেপাল ও বর্তমান রানার্সআপ আফগানিস্তান আগামী রবিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এবং সোমবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ। ম্যাচ দুটি দশরথে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। মালদ্বীপ গতকাল বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে গোলশূন্য ড্র করে। দুটি দলের পয়েন্ট সমান হলেও গোল গড়ে মালদ্বীপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আফগানিস্তান রানার্সআপ। কালকের অন্য ম্যাচে শ্রীলংকা ৫-২ গোলে ভুটানকে হারিয়েছে। এটি শ্রীলংকার একমাত্র জয়। আর ভুটান তিন ম্যাচে ১৬ গোল হজম করেছে। গোল করেছে চারটি। সেমিফাইনালে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী খেলতে পারবেন না। কারণ আগের তিন ম্যাচেই হলুদ কার্ড পেয়েছেন তিনি। বাংলাদেশের ম্যাচে সুনীল ছেত্রী একের পর এক অপরাধ করে গেছেন মাঠে। লালকার্ড পাওয়ার মতো অপরাধ করেও পার পেয়ে গিয়েছিলেন হলুদ কার্ড পেয়ে। নেপালের বিরুদ্ধেও একই অপরাধ করেছেন তিনি। লালকার্ড দেখাতে গেলেও সুনীল ছেত্রী হাত জোড় করে ক্ষমা চাইলে রেফারি হলুদ কার্ড দেখান।