মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) ক্যাঙ্গা লিগ শুরু হচ্ছে আগামীকাল থেকে। আর সেখানে অভিষেক হতে যাচ্ছে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। দেশটির একটি পত্রিকা এ খবরটি নিশ্চিত করে। তারা জানায়, ‘অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের পর ক্যাঙ্গা লিগে এবার অভিষেক হচ্ছে অর্জুনের। এখন পর্যন্ত বিভিন্ন ধরনের বয়সভিত্তিক দলে খেলেছেন অর্জুন। তবে এবারই প্রথম ক্যাঙ্গা লিগে খেলতে নামবেন তিনি। লিগের ‘জি’ বিভাগে ইয়ং পার্সি ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন অর্জুন। ইতোমধ্যে সবার নজর কেড়েছেন বাঁ হাতি ব্যাটসম্যান অর্জুন। তবে, টেন্ডুলকারের ছেলে হিসেবে নয়, মাঠের পারফরমেন্সেই সবাইকে চমকে দিয়েছেন অর্জুন। মুম্বাই অনূর্ধ্ব-১৪ দল নির্বাচনের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে একটি টুর্নামেন্ট আয়োজন করে এমসিএ। আর সেখানে উপরের দিকে ব্যাট হাতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৩ বছর বয়সী অর্জুন। ফলে তার এমন পারফরমেন্সে মুগ্ধ হয়ে এবার ক্যাঙ্গা লিগে অর্জুনকে খেলানোর সিদ্ধান্ত নেয় এমসিএ।
