ইয়াসিন প্যাটেলকে নিয়োগ দিলেন আশরাফুল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িত থাকার কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এরপর থেকে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটকে (আকসু) যে ধরনের সহযোগিতা করেছেন, তাতে কিছু শাস্তি তার কমবে এমন আশা করতেই পারেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আর এই আশা থেকেই নিয়ম অনুযায়ী আইনি লড়াই করবেন বলে আগেই ঠিক করেছেন তিনি। এবার লন্ডনে সংক্ষিপ্ত সফর শেষ করে দেশে ফিরে জানালেন, তার হয়ে এই মামলা লড়বেন ইংল্যান্ডের আইনজীবী ইয়াসিন প্যাটেল। আশরাফুল কাল ফোনে নিশ্চিত করলেন, তিনি এই বিষয়ে অভিজ্ঞ আইনজীবীর খোঁজেই ইংল্যান্ডে গিয়েছিলেন। আর ইয়াসিন প্যাটেলের অভিজ্ঞতা এ ক্ষেত্রে ভালোই। তিনি ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সাজাপ্রাপ্ত পাকিস্তানী সাবেক অধিনায়ক সালমান বাটেরও আইনজীবী ছিলেন। আশরাফুল বলছিলেন, ‘ইয়াসিন প্যাটেল আমার হয়ে লড়বেন। আমি ইংল্যান্ডে বসেই আইসিসিকে জানিয়েছি, আইনি লড়াই করবো।’ ইয়াসিন বাটের আইনজীবী হিসেবে অবশ্য পক্ষে ফলাফল পাননি। সে যাত্রা সালমান বাট সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধই হয়েছেন শেষ পর্যন্ত। এখন দেখার বিষয় আশরাফুলের আইনজীবী হিসেবে কতোটা কী করতে পারেন ইয়াসিন।