দ্বিতীয় লেগেও রোমাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে পা রাখলো স্প্যানিশ লা লিগায় দুঃসময় কাটানো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে রোমার ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছেন সান্তিয়াগো সোলারির শিষ্যরা।
‘জি’ গ্রুপের খেলায় প্রথম লেগে ঘরের মাঠে রোমাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। এই দুই দলেরই নকআউট পর্ব নিশ্চিত হয়েছিলো আগেই। বাকি ছিলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে জয় পেল স্প্যানিশ জায়ান্টরাই।
গতরাতের ম্যাচে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে বেশ অসহায় করে রাখতে সক্ষম হয়েছিলো রোমা। অতিথিদের খুব একটা সুযোগই দেয়নি স্বাগতিকরা। ৩৩ মিনিটে প্রথম সুযোগও পায় রোমা। গোলমুখে বল পেয়েও সহজ সুযোগ হাতছাড়া করেন উন্দের। প্রথমার্ধের শেষ মিনিটেও একটা ভালো সুযোগ হাতছাড়া করেন এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন বেল। ৫৯তম মিনিটে লুকাস ভাসকেস ব্যবধান দ্বিগুণ করে ফেললেই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে রোমা।
পাঁচ ম্যাচে চার জয়ে রিয়ালের পয়েন্ট ১২। সমান সংখ্যক ম্যাচ থেকে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। তৃতীয়স্থানে আছে প্লজেন।
ইত্তেফাক/এএম
