জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর উন্নয়নে তাদের শুধু ক্ষুদ্রঋণের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রাতিষ্ঠানিক সকল ঋণপ্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ৫৯তম কনফারেন্সে গত ৪ সেপ্টেম্বর জেন্ডার সম্পর্কিত ‘শুড দিয়ার বি পার্লামেন্টারি ইন্টারভেনশন ইন দ্য ইনফরমাল ইকোনোমি এন্ড এন্টারপ্রেনারশিপ সেক্টরস’ শীর্ষক কর্মশালায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান বক্তা হিসাবে একথা বলেন। ৫৯তম সিপিএ কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল ‘ইফেক্টিভ সলুশন্স টু কমনওয়েলথ ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস’। জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা বলা হয়।
নারী উন্নয়নের জন্য প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, নারীদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবসা ব্যবস্থাপনা, বাজার অনুসন্ধান এবং ঋণপ্রাপ্তির ক্ষেত্রে নারীদের সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, বিকল্প কর্মসংস্থানের অভাবে আমাদের দেশের নারীরা স্বল্প মজুরিতে কায়িক পরিশ্রম করছে এবং অর্থনৈতিক প্রয়োজনেই নারীরা স্বল্প মজুরিতে তাদের শ্রম বিক্রি করছে। অথচ অপ্রাতিষ্ঠানিক অর্থনীতিতে নারীরাই অন্যতম প্রয়োজনীয় উদ্যোক্তা।
