দুই বছরের জেল হলে আসন হারাবেন আইন প্রণেতারা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪০
আইন প্রণেতারা ফৌজধারী অপরাধের জন্য দুই বছর বা তারও বেশি সময় কারাভোগ করলে স্ব স্ব নির্বাচনী আসনে তত্ক্ষণাত্ অযোগ্য ঘোষিত হবেন। এমনকি দণ্ডপ্রাপ্ত আইনপ্রণেতা কমপক্ষে ছয় বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না। গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট সরকারকে দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের আদেশ দিয়েছেন । খবর টাইমস অব ইন্ডিয়ার। বিচারপতি একে পত্নিক এবং বিচারপতি এসজে মুখোপাধ্যায়ের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। সুপ্রিম কোর্ট জনপ্রতিনিধি আইনের অনুচ্ছেদ ৮-এর ধারা ৪ অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেছেন, অপরাধের জন্য শাস্তিভোগ করলে এই ধারাটি রাজ্যসভা ও বিধান সভার সদস্যদের সুরক্ষা দিতে পারবে না। ওই ধারায় বলা ছিল, একজন আইনপ্রণেতা দোষী সাব্যস্ত হলে, রায় ঘোষণার তিন মাসের মধ্যে উচ্চ আদালতে আপিল করে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন। সর্বোচ্চ আদালত বর্তমান এমপি, এমএলএ ও এমএলসি’র মধ্যে যারা দুই বছরের জন্য দণ্ডিত হয়েছেন তাদের ক্ষেত্রেও আদেশটি কার্যকর হবে বলে রায় দিয়েছেন। অপরাধের জন্য শাস্তি ঘোষণার সঙ্গে সঙ্গে দণ্ডিত আইনপ্রণেতাকে তত্ক্ষণাত্ ওই নির্বাচনী আসনে অযোগ্য ঘোষণা করার জন্য সরকারকে আদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।