জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হোমনা বাজারের ব্যবসায়ী হাজী মো. মোখলেছুর রহমান (৫০) খুন হয়েছেন।
শনিবার হোমনা চৌরাস্তা মোড়ের কাছে নিজ জায়গায় খুন হন। সে উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের মৃত দেওয়ান মিয়ার ছেলে। ব্যবসায়ী খুনের প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নিহতের ভাই হাজী মোক্তার হোসেন জানায়, চৌরাস্তা মোড়ের কাছে নিহতের ক্রয়কৃত জায়গার পানি সরানোর ড্রেন নির্মাণকে কেন্দ্র করে একই সীমানার আঃ লতিফের সাথে তর্ক-বিতর্ক হয়। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লতিফ দলবল নিয়ে ইট দিয়ে মোখলেছুর রহমানের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
