ফুটবল-বিশ্বকাপ বাছাই-ল্যাতিন

সুয়ারেজের দুই গোলে পেরুকে হারাল উরুগুয়ে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪২
লিভারপুল তারকা সুয়ারেজের দুই গোলে ভর করে শুক্রবার রাতে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে পেরুকে পরাজিত করেছে উরুগুয়ে। অপরদিকে ইকুয়েডরকে হারিয়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কলম্বিয়া। প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে নিষেধাজ্ঞায় থাকার ফলে চলতি মৌসুমে এখন পর্যন্ত লিভারপুলের হয়ে লিগ খেলতে না পারা সুয়ারেজ পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেয় উরুগুয়েকে (১-০)। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে দূরপাল¬ার বাঁকানো শটের সাহায্যে তিনি আরো একটি গোল করলে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিক পেরু। অবশ্য শেষ মুহূর্তে গিয়ে অর্থাত্ ৮৪ মিনিটে পেরুর হয়ে একটি গোল পরিশোধ করেন জেফারসন ফারহান। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী উরুগুয়ে। এই জয়ের ফলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা নিশ্চিত করতে না পারলেও পে¬-অফ ম্যাচে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হয়েছে উরুগুয়ের। কারণ এই জয় তাদেরকে এ অঞ্চলের পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে পৌঁছে দিয়েছে। ষষ্ঠ অবস্থানে থাকা ভেনিজুয়েলার চেয়ে তারা তিন পয়েন্টে এগিয়ে রয়েছে। যদিও ভেনিজুয়েলা একটি ম্যাচ কম খেলেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ পয়েন্টধারী চারটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আর পঞ্চম স্থান পাওয়া দলটির বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য খেলতে হবে এশিয়া অঞ্চলের একটি দলের সঙ্গে প্লে-অফ ম্যাচ। সে ক্ষেত্রে প্লে¬-অফ ম্যাচে তাদের লড়তে হতে পারে হয় জর্ডান কিংবা উজবেকিস্তানের সঙ্গে। এদিকে বারানকুইলায় অনুষ্ঠিত শুক্রবারের আরেক ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে পরাজিত করেছে ইকুয়েডরকে। এ জয়ের ফলে ব্রাজিলের টিকিট প্রাপ্তির খুব কাছাকাছি চলে গেছে কলম্বিয়া। কলম্বিয়ার পোর্ট সিটির ওই ম্যাচটি বৈরী আবহাওয়ার জন্য শুরু হয়েছিল অন্তত ৯০ মিনিট দেরীতে। স্তাদিও মেট্রোপলিটানোর ওই ম্যাচটিতে বাগড়া বসিয়েছিল ফ্ল্যাড লাইটও। যে কারণে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতেও বিলম্ব হয়েছে। এরই মাঝে ম্যাচটিকে আরো কয়েক মিনিট বিলম্বিত করেছে কলম্বিয়া গোলরক্ষক ডেভিড ওসপিনার মাথার ইনজুরি। অবশ্য ম্যাচের প্রথমার্ধেই এএস মোনাকোর স্ট্রাইকার জেমস রড্রিগুয়েজ গোল করে দলীয় সংগ্রহশালার জন্য তিন পয়েন্ট নিশ্চিত করে দেন। যেটি তাদেরকে অন্তত প্লে¬-অফ খেলার নিশ্চয়তা দিয়েছে। আগামী মঙ্গলবার নিশ্চিত হবে আর্জেন্টিনা কিংবা কলম্বিয়ার সরাসরি বিশ্বকাপের টিকিট। দুই দলেরই বর্তমানে সংগ্রহশালায় রয়েছে ২৬টি করে মূল্যবান পয়েন্ট। সেই সঙ্গে তালিকার শীর্ষস্থানেও রয়েছে দল দু’টি। ম্যাচের প্রথমার্ধেই গ্যাব্রিয়াল এছিলিয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইকুয়েডর। তারপরও দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি থেকে অধিনায়ক ওয়ালটার এয়ভি গোল করতে ব্যর্থ না হলে হয়তো সমতাই হতো ম্যাচের পরিণতি। ম্যাচ গড়ানোর আধাঘন্টার মধ্যেই ইকুয়েডর ১০ জনের দলে পরিণত হয়ে নিজেদের জন্য দুর্ভোগ নামিয়ে আনে। কলম্বিয়ার তিওফিলো গুতিয়েরেজ একটি বল প্রতিহত করার সময় তাকে বিধিবহির্ভূতভাবে আঘাত করেন সফরকারী দলের খেলোয়াড় গ্যাব্রিয়াল। ফলে সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বিতাড়িত করেন কর্তব্যরত রেফারী। এই সুযোগটি পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে কলম্বিয়া এবং এক মিনিটের মধ্যেই মোনাকোর উঠতি তারকা রড্রিগুয়েজের কল্যাণে তারা লীড নিয়ে নেয়। পায়ের গোড়ালীর ইনজুরি থেকে মুক্ত হয়ে মূল একাদশে ঠাঁই পাওয়া রড্রিগুয়েজেরই মোনাকো সতীর্থ রাদামেল ফ্যালকাও একটি আগ্রাসী শট নিয়েছিলেন কিছুটা দূর থেকেই। কিন্তু বলটি কোনরকমে ঠেকিয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক ম্যােমা বাঙ্গুয়েরা। ফিরতি বলটি পেয়ে যান রড্রিগুয়েজ। এবং কৌণিক শটে তিনি গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের (১-০)। দশ জনের দলে পরিণত হবার পরও গোল পরিশোধের একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল ইকুয়েডর। খেলার ৬১ মিনিটের সময় কলম্বিয়ার ডিফেন্ডার কার্লোস সানচেজ নিজের গোলপোস্টের মধ্যেই প্রতিপক্ষের ম্যানইউ ওয়েঙ্গার এন্টনিও ভ্যালেন্সিয়াকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারী। সুযোগটি হাতছাড়া করে সফরকারী অধিনায়ক ওয়ালটার এয়ভি। তার নেয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হলে ১৫ বছর পর ফের বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে যায় কলম্বিয়া। সর্বশেষ ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছিল দলটি। সান্তিয়াগোতে অনুষ্ঠিত ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের আরেক ম্যাচে চিলি ৩-০ গোলে ভেনিজুয়েলাকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। আর তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর নেমে এসেছে চতুর্থ স্থানে। বিজয়ী দলের পক্ষে গোল তিনটি করেছেন এডুয়ার্ডো ভার্গাস, মার্কোস গঞ্জালেজ এবং আরটুরো ভিদাল। বর্তমানে চিলির সংগ্রীহিত পয়েন্ট ২৪।