নেপাল ফুটবলের নতুন তারকা ভারত খাওয়াস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৪
সাফ শুরু হওয়ার আগেও ভারত খাওয়াসকে কেউ গুরুত্ব দেয়নি। জাতীয় দলের অন্যদের নিয়ে ব্যস্ত ছিলেন সবাই। নেপাল ফুটবল দল যখন কুয়েত এবং বাহরাইন প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল। তখনও ভারত খাওয়াসকে মনে করেনি কেউ। সাফ শুরু হওয়ার সপ্তাহখানেক আগে আমেরিকান কোচ ষ্টিফেনস্কি নেপাল সেনাবাহিনীর সদস্য ভারতকে তুলে এনে জাতীয় দলে জায়গা করে দিলেন। চূড়ান্ত দলে ঠাঁই পাওয়ায় কোচ ষ্টিফেনকে সমালোচনা শুনতে হলো। কারো কথায় কান না দিয়ে কোচ তার কাজ করে গেলেন চ্যালেঞ্জ নিয়ে। সেই ভারত খাওয়াসই এখন নেপালীদের মনে শক্ত স্থান করে নিয়েছেন। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নিজে গোল করেছেন এবং গোল করিয়েছেন। বাংলাদেশকে নাস্তানাবুদ করার পেছনের কারিগর ছিলেন তিনি। ভারত খাওয়াস নৈপুণ্য দেখিয়ে জানিয়ে দিয়েছেন কোচ ভুল সিদ্ধান্ত নেননি। ২২ বছর বয়সী এই ফুটবলার স্ট্রাইকার হলেও অ্যাটাকিং মিডফিল্ড এমনকি দুই উইংয়েও খেলতে পারদর্শী। বৃহস্পতিবার তার সাথে আলোচনার সময় ভারত বলছিলেন কোচ যেখানে চাইবেন সেখানেই খেলতে পারবেন তিনি। বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘এতো সহজে ম্যাচ জিতবো ভাবতে পারিনি।’ ছয় মাস আগে সেনাবাহিনীতে চাকরি নিয়েছেন। এখন ছুটি নিয়ে সাফে খেলছেন। সাফ শেষ হলে চলে যাবেন প্রশিক্ষণ নিতে। গত সাফেও তিনি গোল পেয়েছিলেন। কিন্তু কারো চোখে পড়েননি। এবার তার খেলা বদলে দিয়েছে সব কিছু। সেনাবাহিনী থেকেও দারুণ প্রশংসা পাচ্ছেন সেনাবাহিনীর এই সেকেন্ড লেফটেন্যান্ট।