সেরেনা উইলিয়ামস এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা টানা দ্বিতীয়বারের মত ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন। সেমিফাইনালের লড়াইয়ে শিরোপাধারী সেরেনা গতকাল সরাসরি সেটে হারান চীনের লি নাকে। অন্য সেমিতে অবাছাই ইতালির ফ্লাবিয়া পেনেত্তাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন আজারেঙ্কা।
টুর্নামেন্টের শুরু থেকেই নিজের পারফরম্যান্সের ঝলক দেখাতে থাকেন সেরেনা। উইম্বলডনের দু:খ ভুলে ফ্ল্যাশিং মিডোর শিরোপা ধরে রাখতে যে সেরেনা দারুণ দৃঢ়প্রতিজ্ঞ তার প্রমাণ পাওয়া যাচ্ছিল টুর্নামেন্টের শুরু থেকেই। প্রথম রাউন্ড থেকে শেষ চার পর্যন্ত কোন ম্যাচেই তিন সেটে গড়ায়নি সেরেনার একটি ম্যাচও।
শেষ চারের লড়াইয়ে সেরেনা প্রতিপক্ষ হিসাবে পান চীনের লি না’কে। এশিয়ার শীর্ষ তারকাটির বিরুদ্ধে সেমির লড়াইটি জমজমাট হবার প্রত্যাশায় ছিলেন লির ভক্তরা। কিন্তু সেমিফাইনালের আমেজ ক্ষুণ্ন করে প্রায় একপেশে এক ম্যাচে সেরেনা জয় তুলে নেন ৬-০, ৬-৩ গেমে। প্রথম সেটে মাত্র ২৯ মিনিট সময় ব্যয় করার পর দ্বিতীয় সেটটিও এই আমেরিকান জিতেন সহজেই।
সেরেনার মতই সহজ জয় পেয়েছেন আজারেঙ্কাও। শেষ চারে অবাছাই ইতালির পেনেত্তার মুখোমুখি হন এই বেলারুশিয়ান। তাই এ ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট ছিলেন বেলারুশের এই তরুণী। আর ফেভারিটের তকমা নিয়ে খেলতে নেমে শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছেন আজারেঙ্কা। মাত্র ১ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াই শেষে তিনি জয় পান ৬-৪, ৬-২ গেমে ।
টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে সেরেনার মুখোমুখি হওয়ার আগে র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকাটি বলেন, ‘গেল আসরের ফাইনালে সেরেনার কাছে হেরে যাই। শিরোপা জয় করা সম্ভব হয়নি আমার। তবে শিরোপা পুনরুদ্ধারের দারুণ এক সুযোগ আবারো পেলাম আমি। আবারো ফাইনালে উঠলাম। তাই এবার লক্ষ্য হবে ফাইনাল জিতে শিরোপার স্বাদ নেয়া।’ গেল আসরের ফাইনালে সেরেনার কাছে ৬-২, ২-৬ ও ৭-৫ গেমে ম্যাচ হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আজারেঙ্কাকে।-বাসস
