ক্লাবস নামে ব্যান্ড গড়লেন মেহরাব। ৬ সেপ্টেম্বর এনটিভির এক লাইভ অনুষ্ঠানে গান করার মধ্য দিয়ে ব্যান্ডটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই কণ্ঠশিল্পী। পাঁচ সদস্যের এই ব্যান্ডের সদস্যরা হলেন—মেহরাব (ভোকাল ও গিটার), তারেক (ভোকাল ও গিটার), মুসান্না (ভোকাল ও ড্রামস), অপু (ভোকাল ও কি-বোর্ড) এবং তুষার (বেজ)। মেহরাব বলেন, ‘ছোটবেলা থেকেই ব্যান্ডের প্রতি ঝোঁক ছিল আমার। ২০০৩ থেকে বন্ধুরা মিলে একটা ফর্ম গড়েছিলাম। মাঝে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। এ বছরের ১৭ জানুয়ারি থেকে আবারও একসঙ্গে কাজ শুরু করি। তখনই নামটা চূুড়ান্ত হয়। এতদিন প্র্যাকটিস করেছি আর নতুন গান বেঁধেছি। এবার আনুষ্ঠিকভাবে যাত্রা শুরু করলাম।’ ডিসকো, পপ, রক এবং ফিউশন ধাঁচের গান করবে ক্লাবস। এরইমধ্যে ব্যান্ডের প্রথম একক অ্যালবামের গানও প্রায় রেডি করে ফেলেছেন ব্যান্ডের সদস্যরা। এখন চলছে মিক্স মাস্টারিং এবং সাউন্ড ডিজাইনের কাজ। খুব শিগগিরই অ্যালবামটি বাজারে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শো থেকে আসলে নিজস্ব গায়কী ও পারফর্মেন্স গুণেই শ্রোতাদের কাছে আলাদা একটি জায়গা করে নিয়েছেন মেহরাব। সেই ধারাবাহিকতায় নিজের রক ধাঁচের গান ও অন্যান্য গানগুলো নিয়মিত পারফর্মের জন্যই ক্লাবস নামে এই নতুন জয়যাত্রা শুরু হলো তার।
