খুব শিগগিরই বাংলাদেশে এমটিভি তাদের নিজস্ব অনুষ্ঠান ও কিছু চমক নিয়ে হাজির হচ্ছে। এক্ষেত্রে এমটিভি শোয়ের জন্য বিশেষ ডিজে হান্টও অফিসিয়ালি শুরু হবে। নির্ভরযোগ্য তথ্যসূত্রে জানা গেছে মাছরাঙা টেলিভিশনের সাথে যৌথ চুক্তি অনুযায়ী এমটিভি তাদের বিশেষ স্লটে বাংলাদেশে অনুষ্ঠান সম্প্রচার করবে। ধীরে ধীরে এর ব্যাপ্তি বাড়ানো হবে। আর এর প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছেন ক্রিনেজর প্রধান নির্বাহী রাবেথ খান। মূলত তার উদ্যোগেই বাংলাদেশি কোনো ব্যান্ড তারকার মিউজিক ভিডিও আন্তর্জাতিক অঙ্গনে প্রথম প্রচার শুরু হয়। সেটিও আজ থেকে প্রায় এক যুগ আগের কথা। আয়োজক সূত্রে জানা গেছে, ‘এমটিভির সাথে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশি শিল্পীদের নতুন একটি প্লাটফর্ম তৈরির কাজেই এই স্লটে অনুষ্ঠান প্রচার হবে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এর ঘোষণা হয়নি। জানা গেছে প্রথমে তাদের ডিজে হান্টের ভেতরেই এই কার্যক্রম শুরু হবে। সারাদেশ থেকে ডিজে এবং নতুন প্রতিভা খুঁজে তার সাথে দীর্ঘমেয়াদি চুক্তি গড়েই কাজ করবে এই প্রতিষ্ঠান। এর আগে মাইকেল লার্নস টু রকের সাথে এর আগে একটি স্বল্পমেয়াদি ক্যাম্পেইনে সুযোগ করে দেওয়া হয়েছিল একই স্টেজে গান গাইবার। তবে এবারে সেটিকে সম্প্রসারিত করে আরও বৃহত্ আকারে ক্যাম্পেইনটা শুরু করবে বলে জানা গেছে।
