বাংলাদেশের এক কোটি ৫৬ লাখ মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে আছে। এর মধ্যে গর্ভবতী মহিলাদের ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বর্তমানে ১৩টি জেলার ৭০টি উপজেলার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত। ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জন এবং ম্যালেরিয়ায় মারা গেছে ১১ জন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালের ভেতরে ম্যালেরিয়ায় মৃত্যুহার ৬০ শতাংশে নামিয়ে আনার কথা থাকলেও গতবছর বাংলাদেশ সে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দৈনিক সমকাল ও ব্র্যাক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানানো হয়।
দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচিঃ বর্তমান অবস্থা ও ভবিষ্যত্ কর্মপরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খোন্দকার মোহাম্মদ সিফায়েতউল্লাহ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ম্যালেরিয়া গবেষক অধ্যাপক ডা: এম এ ফায়েজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টর (সিডিসি)।
সচিব এম এ নিয়াজ উদ্দিন পার্বত্য চট্টগ্রামসহ পুরো দেশে চিকিত্সক ও নার্স সংকটের কথা স্বীকার করে বলেন, আমাদের চিকিত্সকদের অনেকেই সেবার মনোভাব নিয়ে গ্রামে যেতে চান না।
