ওগো বোমা সুন্দরী!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
যুক্তরাষ্ট্রের রিভারটনের আবাসিক এলাকা। সুনসান নিরবতার মধ্যে লোকজন বিশ্রাম নিচ্ছে। হঠাত্ করে দুড়ুম দড়াম আওয়াজ! শব্দ শুনে সবাই বুঝে গেল বোমা হামলা! আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলা! সবাই অবাক হয়ে ছোটাছুটি শুরু করলো। অনেকে দেখল সন্ত্রাসীরা একের পর এক বিভিন্ন বাড়ি ও লোকজনকে লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে। একটি চলন্ত প্রাইভেট কার থেকে বোমাগুলো ছোঁড়া হচ্ছে। গাড়িটি একে একে নয়টি বোমা ছুঁড়ে নিরুদ্দেশ হয়ে গেল। পুলিশের কানে খবর গেল। ছুটে এলো গোয়েন্দারা। এবার সন্ত্রাসীদের খুঁজে বের করার পালা। অনুসন্ধানে একসময় সন্ত্রাসীদের খোঁজ পাওয়া গেল। তারা আর কেউ নয়, যে রিভারটনে বোমা হামলা হয়েছে সেই রিভারটনের সেরা সুন্দরী ‘মিস রিভারটন ২০১৩’ কেন্দ্রা গিল এবং তার তিন বন্ধু জন রিগ, সান্না স্মিথ এবং ব্রিস স্টোন এই হামলা চালিয়েছেন! ১৮ বছর বয়সী কিশোরী কেন্দ্রা সুন্দরী প্রতিযোগিতায় জেতার পর গোটা রিভারটনবাসীর নয়নের মণি হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি বোমা হামলা চালিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর চারিদিকে ছি ছি শুরু হয়ে গেল। ঘটনাটি ছিল গত মাসের ৫ তারিখের। পুলিশ তদন্ত করে দেখল বোমাগুলো ছিল বোতল বোমা। কয়েকদিন পর কেন্দ্রা ও তার বন্ধুরা পুলিশের হাতে গ্রেফতার হলো। কেন্দ্রা বোমা হামলার কথা স্বীকার করলেন। তবে তিনি বললেন, কোনো সন্ত্রাসী হামলার অংশ হিসেবে ওই বোমা বিস্ফোরণ ঘটাননি। শ্রেফ মজা করার জন্য বন্ধুদের নিয়ে বোমাগুলো ফাটিয়েছেন। আর প্লাস্টিকের বোতলে কিছু রাসায়নিক ভরে নিজেরাই বোমাগুলো তৈরি করেছিলেন তারা। উদ্দেশ্য ছিল, লোকজন সন্ত্রাসী হামলার সময় কেমন ভয় পায় তা দেখে একটু মজা নেয়া। তবে রিভারটনের ফায়ার এক্সপার্টরা টিভি সাক্ষাত্কারে বলেছেন, যে বোমাগুলো বিস্ফোরণ ঘটানো হয়েছে তা জানমালের ক্ষতি করতে পারতো। ফরেনসিক টেস্টে দেখা গেছে বোমাগুলো মানুষের গায়ে লাগলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো। কেন্দ্রা গত ৮ জুন অনুষ্ঠিত প্রতিযোগিতায় মিস রিভারটন শিরোপা জয় করেন। মেধাবী ছাত্রী কেন্দ্রা পুরস্কার হিসেবে পান ২ হাজার মার্কিন ডলারের স্কলারশিপ এবং আরো অনেক সুযোগ-সুবিধা। রিভারটনের বাছাই করা সেরা আট সুন্দরীকে পেছনে ফেলে তিনি শেষ হাসি হাসেন। কিন্তু সেই হাসি বেশিদিন স্থায়ী হলো না। পুলিশ কেন্দ্রার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে। আদালত তার জামিনের আবেদন বাতিল করে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার শুনানি শুরু করেছে। আর চাপের মুখে কেন্দ্রা ‘মিস রিভারটন’ শিরোপা ফিরিয়ে দিয়েছেন। বিচারে দোষীসাব্যস্ত হলে সর্বোচ্চ ১৫ বছর শ্রীঘরে কাটাতে হতে পারে এই সুন্দরীকে। এতদিনে বুঝতে না পারলেও এখন হয়তো তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন ফাজলামোর আরেক নাম ‘লোকসান’!