ভারতের সবচে’ যোগ্য ব্যাচেলর!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৫
ভারতের মোস্ট এলিজেবল (সবচে যোগ্য) কুমার কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাহুল গান্ধী থেকে বিরাট কোহলি, রণবীর কাপুর থেকে অভিনব বৃন্দা, সালমান খান, যুবরাজ সিং, সিদ্ধার্থ মালিয়া, শহীদ কাপুর, ইনি উনি তিনি কত নাম, কত মুখ কতজনের মনে পড়বে। কিন্তু বলিউড তারকা ও লাস্যময়ী আইটেম গার্ল মল্লিকা শেরাওয়াতের কাছে জিজ্ঞাসা করুন, ভারতের যোগ্যতম ব্যাচেলরটি কে? সুশ্রী তরুণরা শুনে হিংসায় জ্বলে-পুড়ে মরবেন যে, তার তালিকার শীর্ষে আছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী! বিজেপির লোকসভা নির্বাচনের মুখপাত্রকে শুধুমাত্র যোগ্যতম বলেই ক্ষান্ত হননি মল্লিকা সুন্দরী। নিজের পছন্দের পিছনে রীতিমত যুক্তিও দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমার কাছে ‘মোদি স্মার্ট, প্রগতিশীল। আর আমার মতই মাঝে মাঝে ওনাকেও লোকে ভুল বোঝে।’ শুক্রবার রাতে নিজের আসন্ন টেলিভিশন শো ‘মেরে খেয়ালও কি মালিকা’ প্রমোশনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলো বলেন মল্লিকা শেরাওয়াত। ৩৬ বছর বয়সী এই বলিউড সুন্দরীকে বর্তমানে বড়পর্দায় বিশেষ দেখা যাচ্ছে না। তার ব্যক্তিগত জীবনও ইদানীং আর ‘টক অফ দ্য টাউন’ নয়। তাই এবার টেলিভিশন থেকেই নিজের ক্যারিয়ার গুছিয়ে নেয়ার চেষ্টা করছেন তিনি। শুধু কেরিয়ার কেন এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্যে এক শো থেকেই ব্যক্তিগত জীবনের ভিতটাও বোধ হয় মজবুত করার ছক কষছেন ‘জালেবি বাঈ’। অভিনব এই টেলিভিশন শো ‘মেরে খেয়ালও কি মালিকা’ থেকে ৩০ জন ব্যাচেলরের মধ্যে থেকে মল্লিকা ঝাড়াই-বাছাই করে বেছে নেবেন নিজের পছন্দের পুরুষকে। আগামী মাসের সাত তারিখ থেকে লাইফ ওকে চ্যানেলে দেখা যাবে ‘মেরে খেয়ালও কি মালিকা’।