হন্ডুরাসের কাছে বিশ্বকাপের বাছাইপর্বে পরাজিত হবার একদিন পরেই কোচ হোসে ম্যানুয়েল ডে লা টোরেকে বরখাস্ত করেছে মেক্সিকো। শুক্রবার হন্ডুরাসের কাছে কনক্যাকাফ অঞ্চলে ২-১ গোলে পরাজিত হওয়ায় মেক্সিকানদের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা অনেকটাই ভেঙ্গে গেছে। এ সম্পর্কে ফেডারেশনের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, মেক্সিকান ফুটবল ফেডারেশনের সভাপতি জাস্টিনো কমপেন ডে লা টোরেকে বরখাস্ত করে তার স্থানে লুইস ফার্নান্দো টেনাকে নিয়োগ দিয়েছেন। এই নিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে মেক্সিকো দ্বিতীয়বারের মত হারের স্বাদ পেলো। কনক্যাকাফ অঞ্চলে এখন তাদের অবস্থান চতুর্থ। জুনে কনফেডারেশন কাপে তিনটি ম্যাচের মধ্যে দুটিতে পরাজিত হবার পর থেকেই ডে লা টোরে তোপের মুখে ছিলেন। এরপর জুলাইতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনক্যাকাফ গোল্ড কাপের শিরোপাও হাতছাড়া করে। গত দুটি কাপ টুর্নামেন্টের শিরোপা অর্জন করলেও এবার পানামার কাছে অঘটনের শিকার হয়ে বিদায় নেয় মেক্সিকো।
